মধ্যবিত্তের মাথায় আকাশ ভেঙে পড়ল! বিমানের টিকিটে এক ধাক্কায় বিশাল কর বসাল ইন্ডিগো!

বিশ্বজুড়ে জ্বালানি তেলের অগ্নিমূল্য এবার সরাসরি প্রভাব ফেলল সাধারণ যাত্রীদের পকেটে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৮৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস ওঠার জোগাড় বিমান সংস্থাগুলির। এই পরিস্থিতিতে পরিস্থিতি সামাল দিতে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo) আজ, ১৪ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকেই কার্যকর করছে নতুন ‘ফুয়েল চার্জ’ বা জ্বালানি কর। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক— সব রুটের উড়ানেই এবার থেকে অতিরিক্ত টাকা গুনতে হবে যাত্রীদের।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান পরিচালনার খরচের সিংহভাগই যায় জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলে (ATF)। বর্তমান সংকটে এই খরচ বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গন্তব্য অনুযায়ী ভাড়ার তালিকাটি এক নজরে দেখে নেওয়া যাক:
-
ভারত ও ভারতীয় উপমহাদেশ: ৪২৫ টাকা।
-
মধ্যপ্রাচ্য: ৯০০ টাকা।
-
দক্ষিণ-পূর্ব এশিয়া ও চিন: ১,৮০০ টাকা।
-
ইউরোপ: ২,৩০০ টাকা।
ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে। ভবিষ্যতে তেলের দাম কমলে এই কর ফের কমিয়ে আনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে আপাতত পর্যটন মরসুমের মুখে এই অতিরিক্ত খরচের বোঝা মধ্যবিত্তের পকেটে বড়সড় টান ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।