নোটবন্দির সেই ভয়াবহ স্মৃতি ফিরল গ্যাসে! লাইনে দাঁড়িয়েই মৃত্যুর কোলে প্রৌঢ়!

ঠিক ১০ বছর আগে নোটবন্দির সময় ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর মিছিল দেখেছিল দেশ। ২০২৬ সালে দাঁড়িয়ে সেই একই ভয়াবহ স্মৃতি ফিরে এল রান্নার গ্যাসের লাইনে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে দেশে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা এবার প্রাণ কাড়ল পঞ্জাবের বারনালা জেলার শাহনা শহরের এক প্রৌঢ়ের। মৃত ব্যক্তির নাম ভূষণ কুমার মিত্তাল (৬৬)।
গত ২৭ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের জেরে বর্তমানে বন্ধ রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এর ফলে জ্বালানি ও পণ্যবাহী ট্যাঙ্কারের চলাচল থমকে যাওয়ায় দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের জোগানে টান পড়েছে। এই সংকটের মুখে পড়ে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কে এবং কিছুটা প্রয়োজনে ভোর রাত থেকে গ্যাস এজেন্সির সামনে লাইন দিচ্ছেন। স্থানীয় সূত্রের খবর, মৃত ভূষণ কুমার মিত্তাল অভাবের সংসারে একটি সিলিন্ডারের আশায় ভোর ৫টায় লাইনে দাঁড়িয়েছিলেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর, যখন তাঁর নম্বর আসার কথা, ঠিক তখনই লাইনে দাঁড়িয়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মৃতের ভাইপো রবীন মিত্তাল আক্ষেপের সুরে জানান, “কাকা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন। প্রশাসনের কেউ আমাদের সঙ্গে যোগাযোগটুকু করেনি।” এমনকি ময়নাতদন্ত ছাড়াই প্রৌঢ়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যুদ্ধের আঁচ যে সাধারণ মানুষের হেঁশেল ছাড়িয়ে এবার জীবনের ওপর থাবা বসাতে শুরু করেছে, এই ঘটনা তারই এক চরম নিদর্শন।