দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মঞ্চ, নিখাদ বাঙালির ছোঁয়ায় সাজছে মোদীর ব্রিগেড!

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ সভা। এই সভাকে সফল করতে কোনো খামতি রাখছে না গেরুয়া শিবির। এবারের সভার মূল আকর্ষণ হলো এর মঞ্চসজ্জা। বাংলার ধর্মীয় আবেগ এবং সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে মূল মঞ্চটি তৈরি করা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। মঞ্চের দু’পাশে থাকছে টেরাকোটা ও পটচিত্রের কারুকার্য। ১২০ ফুট বাই ৭০ ফুটের এই বিশাল মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রচারের সুর বেঁধে দেবেন প্রধানমন্ত্রী।
নিরাপত্তা ও ব্যবস্থাপনা: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কলকাতা পুলিশ কোনো ঝুঁকি নিতে রাজি নয়। সভাস্থলে মোতায়েন করা হচ্ছে প্রায় ৩ হাজার পুলিশকর্মী। পুরো এলাকার নজরদারিতে থাকছেন এডিজি কোস্টাল, জয়েন্ট সিপি ও ডিসিপি পদমর্যাদার আধিকারিকরা। শহরজুড়ে ৫০টির বেশি পুলিশ পিকেট বসানো হয়েছে। দর্শকদের সুবিধার জন্য মাঠে ২ লক্ষ চেয়ার এবং দূর থেকে বক্তৃতা দেখার জন্য ৩৫টি বড় এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে। নজর কাড়তে আকাশে উড়বে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ২০টি বিশাল জ্যাম্বো বেলুন।