“আট-নয় নম্বরে ধোনি! এর কোনও মানেই হয় না,” আইপিএলের আগেই মাহিকে নিয়ে কেন বিস্ফোরক পূজারা?

আইপিএল ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে কোটিপতি লিগের জমজমাট লড়াই। আর আইপিএল মানেই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তুঙ্গে থাকা উন্মাদনা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মাহির ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে ভক্তদের কৌতূহল একটুও কমেনি। এর মাঝেই চেন্নাই সুপার কিংসের (CSK) সিইও কাশী বিশ্বনাথন বড় খবর শুনিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, এবারের মরশুমে ধোনিকে সব ম্যাচেই খেলতে দেখা যাবে।

কাশী বিশ্বনাথন একটি সাক্ষাৎকারে বলেন, “আমি যতদূর জানি, ধোনি আগামী আইপিএলের প্রতিটি ম্যাচে মাঠে নামবেন। তবে তিনি কত নম্বরে ব্যাট করবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কোচিং স্টাফদের ওপর নির্ভর করছে। দলের স্বার্থে যেটা ভালো হবে, মাহি ঠিক সেটাই করবেন।” সিইও-র এই আশ্বাসের ফলে ধোনিভক্তদের মনে খুশির জোয়ার বইলেও, মাহির ব্যাটিং পজিশন নিয়ে এবার বিতর্ক উসকে দিলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটার তথা ধোনির প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পূজারা।

ধোনির লোয়ার অর্ডারে নামা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পূজারা বলেন, “ধোনির মতো একজন ব্যাটার আট বা নয় নম্বরে নামার কোনও মানেই হয় না। কেন তাঁকে এত নীচে নামানো হচ্ছে, তার কোনও যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। উনি এখনও একার হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।” পূজারার মতে, সিএসকের আর কোনও ব্যাটারের মধ্যে ধোনির মতো ওই ফিনিশিং দক্ষতা নেই। তিনি আরও যোগ করেন, “ধোনি এখন মাত্র ৫-১০ বল খেলার সুযোগ পাচ্ছেন। কিন্তু উনি যদি সুযোগ পান ২৫-৩০ বল খেলার, তাহলে ভেবে দেখুন মাহি ভাই বিপক্ষ দলের কী হাল করতে পারেন!” এখন দেখার, ২০২৬ মরশুমে মাহি নিজের ব্যাটিং পজিশন ওপরে তুলে আনেন কি না।