গ্যাস নিয়ে তুঘলকি কাণ্ড রুখতে নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম! কালোবাজারি করলেই হাজতবাস, জারি কড়া SOP

রাজ্যে ক্রমবর্ধমান এলপিজি (LPG) সংকট মোকাবিলায় এবার যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামল নবান্ন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর, রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বিস্তারিত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ বা এসওপি (SOP) জারি করল রাজ্য সরকার। সাধারণ মানুষের রান্নাঘরে যাতে টান না পড়ে, তার জন্য নবান্নে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার ‘স্টেট এলপিজি কন্ট্রোল রুম’ (হেল্পলাইন: ১০৭০ / ০৩৩-২২১৪-৩৫২৬)।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, হাসপাতাল, স্কুল (মিড-ডে মিল), আইসিডিএস কেন্দ্র এবং গার্হস্থ্য ব্যবহারকারীদের গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গ্যাসের কৃত্রিম আকাল রুখতে তেল সংস্থাগুলোকে (IOCL, HPCL, BPCL) নিরবচ্ছিন্ন সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সিলিন্ডারবাহী ট্যাঙ্কারগুলোকে দ্রুত গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনে পুলিশি পাহারায় ‘গ্রিন করিডোর’ তৈরি করার কথা বলা হয়েছে। কালোবাজারি রুখতে পুলিশ ও ইডি-কে (Enforcement Branch) কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গল সিলিন্ডার গ্রাহকরা যাতে দ্রুত গ্যাস পান, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।
গ্যাস সংকটের বিকল্প হিসেবে গ্রামীণ এলাকায় কেরোসিনের জোগান বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন। এছাড়া পরিবহণ ক্ষেত্রকে সিএনজি-র দিকে উৎসাহ দেওয়া হচ্ছে। মানুষের আতঙ্ক কমাতে এবং অভিযোগ শুনতে রাজ্য পুলিশের তরফেও তিনটি পৃথক হেল্পলাইন (০৩৩-৪৯৫০৬১০১, ০৩৩-৩৫০২৬২১৪, ০৩৩-২৪৮৭৪৪০০) চালু করা হয়েছে। প্রশাসনের এই বহুমুখী পদক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী রাজ্য সরকার।