শেয়ার বাজারে ধস ! বিনিয়োগকারীদের ক্ষতি 10 লক্ষ কোটি টাকা বৃহস্পতিবার

বৃহস্পতিবার দিনটি দুঃস্বপ্নের মতো কাটল ভারতীয় শেয়ার বাজারের বিনিয়োগকারীদের কাছে। বাজার খোলার পর থেকেই সেনসেক্স ও নিফটি—উভয় সূচকই হুড়মুড়িয়ে পড়তে শুরু করে। দিনের শেষে সেনসেক্স ৮২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৬,০৩৪-এ। নিফটি ২২৭ পয়েন্ট কমে নেমে এসেছে ২৩,৬৩৯-এর স্তরে। এই ধসে বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ১০ লক্ষ কোটি টাকা কমে ৪৪০ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এই ধসের নেপথ্যে রয়েছে বিশ্বজুড়ে একাধিক নেতিবাচক খবর। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের ওপর ইরানের হামলার খবরে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একলাফে ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ভারত তার চাহিদার ৬০ শতাংশ তেল আমদানি করে, তাই তেলের দাম বৃদ্ধি মানেই দেশে মূল্যবৃদ্ধির আশঙ্কা। আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA) জরুরি তেলের মজুত ব্যবহারের কথা ঘোষণা করলেও বাজারে তার বিশেষ ইতিবাচক প্রভাব পড়েনি।
অন্যদিকে, বিদেশি বিনিয়োগকারীরা (FIIs) গত ৯ দিন ধরে সমানে শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন। শুধুমাত্র মার্চ মাসেই তাঁরা ৩৯,১০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ তুলে নিয়েছেন। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপর। মার্কিন ডলারের তুলনায় রুপির দাম ৩০ পয়সা কমে ৯২.৩৪ টাকায় দাঁড়িয়েছে, যা সর্বকালের সর্বনিম্ন দরের খুব কাছে। দুর্বল রুপি এবং তেলের চড়া দাম—এই জোড়া ফলায় বিদ্ধ ভারতীয় অর্থনীতি এখন বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।