টাটা-মাহিন্দ্রার রাজত্ব কি এবার শেষ? ধামাকা ফিচারে বাজার কাঁপাতে আসছে রেনো ‘ব্রিজার’!

ভারতীয় অটোমোবাইল বাজারে সাব-৪ মিটার এসইউভি সেগমেন্টে এবার বড়সড় ধামাকা করতে চলেছে ফরাসি গাড়ি প্রস্তুতকারক সংস্থা রেনো (Renault)। টাটা নেক্সন, মাহিন্দ্রা 3XO এবং মারুতি সুজুকি ব্রেজার একাধিপত্যে থাবা বসাতে রেনো নিয়ে আসছে তাদের নতুন তুরুপের তাস— ‘রেনো ব্রিজার’ (Renault Bridger)। ডাস্টারের নিচের সেগমেন্টে জায়গা করে নিতে চলা এই গাড়িটি তার প্রিমিয়াম লুক এবং দুর্দান্ত ফিচারের কারণে ইতিমধ্যেই অটো-প্রেমীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।

রেনো ব্রিজার-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর স্পেস এবং ডিজাইন। রিপোর্ট অনুযায়ী, এই কমপ্যাক্ট এসইউভি হওয়া সত্ত্বেও এতে মিলবে ৪০০ লিটারেরও বেশি বিশাল বুট স্পেস, যা এই সেগমেন্টে বিরল। শুধু তাই নয়, পেছনের সিটে বসা যাত্রীদের জন্য থাকছে সেগমেন্টের সেরা ‘নি রুম’ (Knee room), যা বয়স্কদের জন্য দীর্ঘ সফরকে আরও আরামদায়ক করে তুলবে। গাড়িটিতে থাকছে ১৮ ইঞ্চির বড় চাকা এবং ২০০ মিলিমিটারের শক্তিশালী গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা ভারতীয় ভাঙাচোরা রাস্তায় অনায়াস গতি বজায় রাখতে সক্ষম।

প্রযুক্তিগত দিক থেকেও রেনো ব্রিজার হবে অত্যন্ত উন্নত। সংস্থা সূত্রে খবর, এই গাড়িটি পেট্রোল, হাইব্রিড এবং ইলেকট্রিক—তিনটি পাওয়ার ট্রেনেই উপলব্ধ হতে পারে। ২০২৭ সালের শেষের দিকে ভারতের রাস্তায় এই গাড়িটি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। রেনোর মডিউলার প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এই এসইউভিটি বক্সি শেপের হবে, যা একে একটি মাসকুলার লুক দেবে। লঞ্চের সময় এতে এমন কিছু আধুনিক স্মার্ট ফিচার যুক্ত করা হতে পারে যা বর্তমানের কিয়া সনেট বা হুন্ডাই ভেনুকেও কড়া চ্যালেঞ্জ জানাবে। টাটা নেক্সন ও মাহিন্দ্রা 3XO-এর মতো জনপ্রিয় গাড়িগুলোর সামনে রেনো ব্রিজার কতটা সফল হয়, এখন সেটাই দেখার।