বিশ্বকাপের দলে জায়গা নেই, অথচ শুবমান গিলই হচ্ছেন ‘বর্ষসেরা’! বিসিসিআই-এর পুরস্কারে বড় চমক!

২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। ব্যাটে রান খরা আর অফ-ফর্মের জেরে টি-২০ ফর্ম্যাট থেকে ব্রাত্যই থাকতে হয়েছে টেস্ট ও ওডিআই অধিনায়ক শুবমান গিলকে। কিন্তু বিশ্বকাপের আসর শেষ হতেই গিলের জন্য এল দারুণ সুখবর। অফ-ফর্মের মেঘ কাটিয়ে বিসিসিআই-এর বর্ষসেরা ক্রিকেটারের সম্মান (Polly Umrigar Award) পেতে চলেছেন ‘প্রিন্স’ শুবমান গিল।

কেন এই সম্মান? টি-২০ ফর্ম্যাটে পারফরম্যান্স আশানুরূপ না হলেও, টেস্ট এবং ওডিআই-তে গত এক বছরে রাজত্ব করেছেন গিল।

  • টেস্ট ক্রিকেট: ইংল্যান্ড সফরে ৭০-এর ওপর গড়ে ৭৫৪ রানসহ সব মিলিয়ে গত বছর টেস্টে ৯৮৩ রান করেছেন তিনি।

  • ওডিআই ক্রিকেট: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে গত বছর তাঁর সংগ্রহ ১৭৬৪ রান, যেখানে গড় প্রায় ৫০।

  • সেঞ্চুরির ফুলঝুরি: গত এক বছরে সাতটি শতরান এবং তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

আইপিএল-এ লক্ষ্য প্রত্যাবর্তন: টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে না পারার আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে নিতে চান আইপিএল ২০২৬-এ। গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে তাঁর লক্ষ্য যেমন দলকে ট্রফি জেতানো, তেমনই ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে ফের টি-২০ জাতীয় দলে নিজের জায়গা পাকা করা। গত আইপিএল-এও ৫০ গড়ে ৬৫০ রান করেছিলেন তিনি। বিসিসিআই-এর এই ‘নমন অ্যাওয়ার্ডস’ নিশ্চিতভাবেই গিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।