টেক দুনিয়ায় রক্তক্ষরণ! ১৬০০ কর্মীকে ছাঁটাই করল আটলাসিয়ান, AI-তে বিনিয়োগের মাসুল দিচ্ছে সাধারণ কর্মীরা?

বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে ফের কালো মেঘ। জনপ্রিয় সফটওয়্যার সংস্থা আটলাসিয়ান (Atlassian) ঘোষণা করেছে যে তারা তাদের মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ অর্থাৎ প্রায় ১,৬০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। সংস্থার প্রধান কর্ণধার মাইক ক্যানন-ব্রুকস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং এন্টারপ্রাইজ বিক্রয়ে নতুন করে বিনিয়োগের জন্য এই পুনর্গঠন প্রক্রিয়া অনিবার্য হয়ে পড়েছিল। মূলত আর্থিক অবস্থার উন্নতি এবং এআই-তে অতিরিক্ত ব্যয়ের তহবিল সংগ্রহ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কর্মীদের ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে এই দুঃসংবাদ পৌঁছে দেওয়া শুরু হয়েছে।
ক্যানন-ব্রুকস একটি ব্লগ পোস্টে লিখেছেন, “আমরা এআই এবং এন্টারপ্রাইজ বিক্রয়ে আরও বিনিয়োগ নিশ্চিত করার জন্য এটি করছি, যাতে আমাদের আর্থিক প্রোফাইল শক্তিশালী হয়।” সিডনি-ভিত্তিক এই সফটওয়্যার ফার্মের শেয়ারের দাম এই বছর ভয়াবহভাবে কমেছে। বিনিয়োগকারীরা এখন ঐতিহ্যবাহী সফটওয়্যার কোম্পানির পরিবর্তে জেনারেটিভ এআই-এর দিকে বেশি ঝুঁকছেন। পরিসংখ্যান বলছে, ২০২৬ সালে আটলাসিয়ানের শেয়ারের দাম অর্ধেকেরও বেশি কমেছে এবং ২০২১ সালের শিখর থেকে বর্তমানে এটি প্রায় ৮৪% নিচে অবস্থান করছে। এই বিশাল কর্মী ছাঁটাইয়ের ফলে কোম্পানির ওপর প্রায় ২২৫ থেকে ২৩৬ মিলিয়ন ডলারের অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে, যা আগামী জুনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি তাদের এআই টুল ‘রোভো’ (Rovo AI) কে জনপ্রিয় করতে মরিয়া এবং গ্রাহকদের টানতে নানা অফার দিচ্ছে, কিন্তু সেই অগ্রগতির মূল্য দিতে হচ্ছে কর্মীদের।