‘এত গুলি করব, গুনে শেষ করতে পারবি না!’ ভাটপাড়ায় বিজেপি কর্মীকে বাড়ি বয়ে খুনের হুমকি!

ভাটপাড়া যেন এক অশান্ত আগ্নেয়গিরি, যার লাভা উদগিরণ থামার লক্ষণ নেই। সোমবার বিজেপি কর্মী অমিত সাউয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল। অভিযোগের তির সেই ‘তৃণমূল ঘনিষ্ঠ’ দুষ্কৃতী সুজিত ওরফে কালুর দিকে। অমিতের দাবি, মঙ্গলবার সকালে ওই দুষ্কৃতী সরাসরি তাঁর জানলার সামনে এসে শাসিয়ে গিয়েছে— “সোমবারের ঘটনার মামলা প্রত্যাহার না করলে এত গুলি করব যে গুনে শেষ করতে পারবি না!”

বিজেপি কর্মীর অভিযোগ, স্রেফ হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি কালু, অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সাফ জানিয়ে দিয়েছে, মামলা না তুললে তাঁর স্ত্রী, অসুস্থ বাবা ও সন্তানদের রেহাই দেওয়া হবে না। এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছে সাউ পরিবার। বাড়ি থেকে বের হওয়া তো দূর, জানলা খুলতেও এখন ভয় পাচ্ছেন তাঁরা।

এই ঘটনার খবর পেয়েই রণংদেহি মেজাজে ধরা দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “গুলি চলার পর কীভাবে এক দুষ্কৃতী বাড়ি বয়ে এসে হুমকি দেওয়ার সাহস পায়? আমরা দু-তিন দিন দেখব, পুলিশ ব্যবস্থা না নিলে দল নিজের মতো ব্যবস্থা নেবে।” অর্জুন সিং পুরো বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানোর হুঁশিয়ারি দিয়েছেন।

পালটা প্রতিক্রিয়ায় ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ দাবি করেছেন, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটি নিছকই ব্যক্তিগত বিবাদ। তবে এলাকা যে থমথমে, তা বলার অপেক্ষা রাখে না। বারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হলেও, ভাটপাড়ার অলিগলিতে এখন শুধুই চাপা উত্তেজনা আর বারুদের গন্ধ।