২৫% ডিএ থেকে বাদ যাচ্ছেন শিক্ষকরা? সুপ্রিম কোর্টে রাজ্যের তালিকায় চরম বৈষম্য, ফুঁসছেন সরকারি কর্মীরা

বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টের আঙিনায় এখন রাজ্য সরকারি কর্মীদের উৎকণ্ঠা চরমে। বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি আদালতে যে প্রাপক তালিকা জমা দিয়েছে, তাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। রাজ্যের পেশ করা হিসেবে দেখা যাচ্ছে, ৩ লক্ষ ১৭ হাজার ৯৫৪ জন সরকারি কর্মী এবং ৬ লক্ষ ৭৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মীকে ডিএ দিতে হবে। কিন্তু এই বিশাল তালিকায় জায়গা হয়নি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের। এমনকি ব্রাত্য রাখা হয়েছে পঞ্চায়েত ও পুরসভার কর্মীদেরও।

রাজ্যের নতুন চাল ও সময় প্রার্থনা: সুপ্রিম কোর্টে এই রিপোর্টকেই হাতিয়ার করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে দাবি করা হয়েছে, বিপুল পরিমাণ বকেয়া এখনই মেটানো সম্ভব নয়। তাই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে রাজ্য। তবে উদ্বেগের বিষয় হলো, গ্রুপ এ, বি, সি ও ডি ক্যাটাগরির কর্মীদের কথা উল্লেখ থাকলেও শিক্ষক ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের বিষয়ে রাজ্য নীরব।

কর্মীদের পাল্টাহুঁশিয়ারি ও ধর্মঘটের ডাক: রাজ্যের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’। তাদের সাফ কথা, গ্রান্ট-ইন-এডে থাকা কর্মীদের বাদ দিলে বড়সড় আইনি লড়াই শুরু হবে। অন্যদিকে, ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ এই বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামার ডাক দিয়েছে। শুধু আইনি লড়াই নয়, আগামী ১৩ মার্চ গোটা রাজ্য অচল করার ডাক দিয়েছে তারা। শিক্ষক-শিক্ষিকা এবং পঞ্চায়েত-পুরসভার কর্মীদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ডিএ মামলাকে কেন্দ্র করে এখন রাজ্য প্রশাসনের অন্দরমহলে উদ্বেগের কালো মেঘ।