কাঁপবে মুম্বই-দিল্লি! ১৯ বছর পর ভারতে শাকিরা, সঙ্গে কি তবে দিলজিৎ?

দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ২০০৭ সালে মুম্বইয়ের বান্দ্রায় শেষবার পারফর্ম করেছিলেন তিনি। ফের একবার তিলোত্তমা মুম্বই ও রাজধানী দিল্লির মঞ্চে আগুন ধরাতে আসছেন বিশ্বখ্যাত পপ সেনসেশন শাকিরা। তবে এবারের সফর কেবল বিনোদনের জন্য নয়, এর নেপথ্যে রয়েছে এক মহৎ সামাজিক উদ্দেশ্য। গায়িকার এই ‘ফিডিং ইন্ডিয়া’ কনসার্টের মূল লক্ষ্য হলো শিশুদের অপুষ্টি দূর করা এবং রাষ্ট্রপুঞ্জের ‘জিরো হাঙ্গার’ মিশনকে সমর্থন জানানো।

কবে ও কোথায় হবে কনসার্ট? শাকিরার এই সফর শুরু হচ্ছে মুম্বই থেকে। আগামী ১০ এবং ১১ এপ্রিল মুম্বইয়ের ঐতিহাসিক মহালক্ষ্মী রেসকোর্সে পরপর দু’টি শো করবেন তিনি। এরপর ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে বসবে তাঁর গানের আসর। সবথেকে বড় চমক হিসেবে শোনা যাচ্ছে, পঞ্জাবি রকস্টার দিলজিৎ দোসাঞ্জ শাকিরার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে পারেন। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও শিলমোহর পড়েনি, তবে দুই তারকার অনুরাগীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

টিকিটের দাম ও বিক্রি: শাকিরার সুরের জাদু লাইভ উপভোগ করতে পকেট থেকে খসাতে হবে বেশ মোটা টাকা। গত ৯ মার্চ থেকেই টিকিটের প্রি-সেল শুরু হয়েছে। সাধারণ গ্যালারির টিকিটের দাম শুরু হচ্ছে ৪,৫০০ টাকা থেকে এবং তা পৌঁছতে পারে ৬,০০০ টাকা পর্যন্ত। তবে ভিআইপি এবং প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য গুনতে হবে ৩২,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত।

২০০৭ সালের পর শাকিরার এই দ্বিতীয় ভারত সফর নিয়ে বিটাউনেও উত্তেজনার শেষ নেই। সেবার ঐশ্বর্য রাই থেকে অভিষেক বচ্চন—বলিউডের তাবড় তারকারা উপস্থিত ছিলেন। ১৯ বছর পর শাকিরার সেই চিরচেনা ‘ওয়াকা ওয়াকা’ বা ‘বিউটিফুল লায়ার’-এর ছন্দে ভারতবাসী আবার কোমর দুলিয়ে উঠবে কি না, তা নিয়ে কোনো সন্দেহ নেই।