“এক সময় লাল ঝান্ডা লুটেছে, ১৫ বছর ধরে লুটছেন মমতা”, মালবাজারে রথযাত্রায় বিস্ফোরক সম্রাট চৌধুরী

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে সংঘাত এবার চরমে। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতা ও রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে সরব হলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রবিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, “একজন আদিবাসী ঘরের মেয়েকে প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ পদে বসিয়েছেন। তাঁকে যেভাবে অপমান করা হয়েছে, তার জবাব বাংলার মা-বোনেরাই ব্যালট বাক্সে দেবেন।”
উত্তরবঙ্গের জন্য মেগা বাজেট ও লুটের অভিযোগ বাগডোগরা থেকে সড়কপথে মালবাজারে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’য় অংশ নেন সম্রাট চৌধুরী। সেখান থেকে তিনি মমতার উত্তরবঙ্গ উন্নয়নের দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য মাত্র ৯০০ কোটি টাকা খরচ করেন। বিজেপি ক্ষমতায় এলে এখানে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।” বিহারের উদাহরণ টেনে তিনি আরও বলেন, “এক সময় বিহারেও গুন্ডারাজ ছিল, কিন্তু আজ সেখানে সুশাসন। বাংলায় আগে লাল ঝান্ডা লুটেছে, আর গত ১৫ বছর ধরে লুটছেন মমতা দিদি।”
চা বাগান ও আদিবাসী আবেগ উত্তরবঙ্গের চা বাগানের সমস্যার কথা তুলে ধরে সম্রাট দাবি করেন, রাজ্য সরকার চা শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়। আদিবাসী ও গোর্খা সমস্যার সমাধান না করে তৃণমূল সরকার কেবল দুর্নীতির নতুন রাস্তা খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, শনিবার শিলিগুড়ির অনুষ্ঠানে রাষ্ট্রপতি নিজেই রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার ইঙ্গিত দিয়েছিলেন, যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছে।
পাল্টা আক্রমণে অভিষেক: ছবি দেখিয়ে চ্যালেঞ্জ অন্যদিকে, বিজেপির এই আক্রমণের পালটা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মথুরাপুরের জনসভা থেকে পিআইবি-র একটি ছবি দেখিয়ে অভিষেক প্রশ্ন তোলেন, “ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বসে আছেন আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে। তাহলে রাষ্ট্রপতিকে আসলে অপমান করছে কে?” রাষ্ট্রপতির সম্মান নিয়ে এই তরজা এখন বিধানসভা নির্বাচনের আগে এক বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।