মাঠে নামলেন না কি যমদূত? কিউয়ি পেসারের আগুনে স্পেলে তছনছ প্রতিপক্ষ, ভাঙল আড়াইশো বছরের রেকর্ড

আড়াইশো বছরেরও বেশি সময়ের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে যা কখনও ঘটেনি, রবিবার নিউজিল্যান্ডের মাটিতে ঠিক সেটাই করে দেখালেন কিউয়ি পেসার ব্রেট র‍্যান্ডেল। ১৭৭২ সাল থেকে শুরু হওয়া আধুনিক ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে (First-Class Cricket) টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার বিরল নজির গড়লেন ৩০ বছর বয়সি এই ফাস্ট বোলার। যাকে ক্রিকেটীয় ভাষায় বলা হচ্ছে ‘ট্রিপল হ্যাটট্রিক’।

অবিশ্বাস্য ৮ বলের স্পেল: নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘প্লাঙ্কেট শিল্ড’-এ সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিরুদ্ধে খেলছিলেন র‍্যান্ডেল। ম্যাচের দ্বিতীয় দিন চা-বিরতির ঠিক পরেই শুরু হয় তাঁর সেই বিধ্বংসী তাণ্ডব। মাত্র ৮ বলের ব্যবধানে তিনি তুলে নেন ৬টি উইকেট! তাঁর শিকারের তালিকায় ছিলেন হেনরি কুপার, জিত রাভাল, জো কার্টার, রবার্ট ও’ডনেল এবং ক্রিস্টিয়ান ক্লার্ক। প্রথম ইনিংসে ২৫ রান দিয়ে মোট ৭ উইকেট শিকার করেন তিনি, যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগার।

২৫৪ বছরের ইতিহাসে প্রথম: পরিসংখ্যান বলছে, এর আগে টি-২০ ফরম্যাটে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার বা জিম্বাবোয়ের কেলিস এনধ্লভুর মতো বোলাররা টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেও, মাল্টি-ডে বা প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ ২৫৪ বছরে কেউ এই উচ্চতায় পৌঁছাতে পারেননি। র‍্যান্ডেলের সৌজন্যে নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রথম ইনিংস মাত্র ৮২ রানে গুটিয়ে যায়।

নিজের পারফরম্যান্সে স্তম্ভিত র‍্যান্ডেল: ম্যাচ শেষে অবিশ্বাস্য এই কীর্তি নিয়ে ব্রেট র‍্যান্ডেল বলেন, “আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। হ্যাটট্রিক হওয়ার পরেও আমি বিশ্বাস করতে পারছিলাম না কী ঘটছে। শুধু একই জায়গায় বল রেখে যাওয়ার চেষ্টা করেছি। এখনও নিজেকে চিমটি কেটে দেখছি যে এটা স্বপ্ন নয় তো!” সেন্ট্রাল স্ট্যাগস ক্লাবের ৭৫ বছরের ইতিহাসে এটি কোনও পেসারের সেরা বোলিং পারফরম্যান্স।