কিয়ারার জায়গায় অনীত পাড্ডা! অভিনেত্রীর হাতে কাজ কি কমছে? জানুন আসল সত্যি

মাতৃত্বকালীন বিরতির পর থেকেই কিয়ারা আডবাণীর কেরিয়ার নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, একের পর এক বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘ডন ৩’ এবং ‘শক্তি শালিনী’-র মতো ছবি থেকে তাঁর নাম বাদ পড়ার খবর চর্চার কেন্দ্রবিন্দুতে। এমনকি, মধুবালার বায়োপিকে তাঁর অভিনয়ের খবরকেও পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

কী ঘটছে কিয়ারার কেরিয়ারে? চলচ্চিত্র মহলের একাংশ মনে করছে, মা হওয়ার পর কিয়ারা এখন কাজের চেয়ে পরিবারকে বেশি সময় দিচ্ছেন। ‘শক্তি শালিনী’ সিনেমায় মুখ্য চরিত্রে আগে কিয়ারার নাম থাকলেও, এখন সেখানে অভিনয় করছেন উদীয়মান অভিনেত্রী অনীত পাড্ডা। এছাড়া, মধুবালার বায়োপিক নিয়ে যে জল্পনা চলছিল যে সঞ্জয় লীলা ভংসালীর পরিচালনায় কিয়ারা অভিনয় করবেন, তার সত্যতা মেলেনি। বরং জানা গেছে, এই বায়োপিকের কাস্টিং এখনও চূড়ান্তই হয়নি।

তৃপ্তির আগ্রহ ও কিয়ারার আগামী প্রজেক্ট: ইতিমধ্যে মীনাকুমারী বা মধুবালার মতো আইকনিক চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তৃপ্তি দিমরি। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, এই ধরনের বায়োপিকে কাজ করার সুযোগ পেলে তা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি হবে। অন্যদিকে, কিয়ারাকে শেষ দেখা গিয়েছিল ‘ওয়ার ২’-এ। বর্তমানে তিনি যশ-এর বিগ বাজেট ছবি ‘টক্সিক’-এর শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে নয়নতারা, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন তিনি।

বলাই বাহুল্য, কিয়ারা একের পর এক ছবি ছাড়লেও ‘টক্সিক’-এর মতো বড় প্রজেক্ট বুঝিয়ে দিচ্ছে, তিনি পর্দা থেকে বিদায় নিচ্ছেন না, বরং কাজের ক্ষেত্রে এখন অনেক বেশি বাছাই করছেন।