হস্টেলে রক্তক্ষয়ী তাণ্ডব! রড হাতে সহপাঠীদের ওপর ঝাঁপিয়ে পড়ল নবম শ্রেণির ছাত্র, মৃত ১, আহত ৭

শনিবার গভীর রাতে কর্ণাটকের বল্লারি জেলার একটি হস্টেলে ঘটে গেল এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। রাতের খাবার খেয়ে যখন ছাত্ররা ঘুমাচ্ছিল, তখন নবম শ্রেণির এক পড়ুয়া আচমকাই লোহার রড নিয়ে সহপাঠীদের ওপর চড়াও হয়। এই নৃশংস হামলায় হেমন্ত নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে এবং ওয়ার্ডেনসহ আহত হয়েছে আরও সাতজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ হস্টেলের ভেতরে হঠাৎই চিৎকার শোনা যায়। হস্টেলের আবাসিকরা কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত ছাত্রটি রড দিয়ে একের পর এক সহপাঠীকে আঘাত করতে থাকে। ওয়ার্ডেন পরিস্থিতি সামলানোর চেষ্টা করলে তাঁকেও আক্রমণ করে অভিযুক্ত। হামলার পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মৃত ছাত্র হেমন্ত অন্ধ্রপ্রদেশের আদাভানি জেলার বাসিন্দা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বল্লারির আইজিপি পি এস হর্ষ এবং এসপি সুমন ডি পান্নেকার। আহতদের উদ্ধার করে বল্লারি বিআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ছাত্রের বাবা লক্ষ্মীকান্ত বল্লারির ব্রুসপেট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, হস্টেল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে ওই কিশোর এমন হিংস্র হয়ে উঠল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।