মধ্যপ্রদেশে নৃশংসতা: হাতুড়ি দিয়ে খুনের পর কিশোরের রক্তপান ও মাংস ভক্ষণ! শিউরে ওঠা কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

মধ্যপ্রদেশের দামোহ জেলার সামান্যা গ্রাম সাক্ষী থাকল এক অকল্পনীয় ও পৈশাচিক ঘটনার। ১৬ বছরের এক কিশোরকে হাতুড়ি দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করার পর তার রক্তপান এবং মাংস ভক্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবক। বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে ঘটা এই ঘটনায় গোটা এলাকা স্তম্ভিত। মৃত কিশোরের নাম ভরত বিশ্বকর্মা।
ঘটনার বিবরণে জানা যায়, ভরত তার ভাইয়ের সঙ্গে দিদির শ্বশুরবাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। সেই সময় আচমকাই গুড্ডা পটেল নামের এক যুবক লোহার রড ও হাতুড়ি নিয়ে তার ওপর চড়াও হয়। ভাই বিজয় কোনোক্রমে সেখান থেকে পালিয়ে গ্রামবাসীদের খবর দেয়। বিজয়ের বয়ান অনুযায়ী, খুনের পর অভিযুক্ত ঠান্ডা মাথায় ভরতকে ক্ষতবিক্ষত করে তার মাংস ও মগজ ভক্ষণ করে।
খুনের পর অভিযুক্ত পাশের একটি মাঠে আশ্রয় নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে ঘিরে ফেললে, রক্তাক্ত হাতুড়ি উঁচিয়ে সে পুলিশদেরও ভয় দেখানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ তাকে কব্জা করতে সক্ষম হয়। জানা গিয়েছে, এই গুড্ডা পটেলের অন্ধকার অতীত রয়েছে। দুই দশক আগে সে তার নিজের স্ত্রীকে খুন করেছিল এবং সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিল। অভিযুক্তের এহেন নৃশংসতায় এলাকাবাসীদের মধ্যে প্রবল ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে পুলিশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।