জীবিত ভোটারের নাম তালিকায় নেই? মমতার ধরনা মঞ্চে মৃত ঘোষিত ২২ জন! শোরগোল বাংলায়!

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই ‘এসআইআর’ (SIR) ইস্যুকে কেন্দ্র করে ফের একবার রাজপথের লড়াইয়ে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি। আর এই রণংদেহি মেজাজ দেখেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর খোঁচা, “এবার ঘুগনিকন্যা থেকে আবার অগ্নিকন্যা হওয়ার চেষ্টা করছেন উনি।”
উল্লেখ্য, কিছুদিন আগে স্বনির্ভর হওয়ার পাঠ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘুগনি-চায়ের ব্যবসার পরামর্শ দিয়েছিলেন, যা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই সজল ঘোষের এই ব্যঙ্গাত্মক মন্তব্য। এদিকে, সজল নিজেই বর্তমানে বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘দালাল’ বলে সম্বোধন করায় খোদ মহারাজের রোষানলে পড়েছেন তিনি। সূত্রের খবর, ক্ষুব্ধ সৌরভ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের ধরনা ছিল মূলত ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগে। ধরনা মঞ্চ থেকে মমতা রীতিমতো বোমা ফাটিয়ে বলেন, “যাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে অথচ তাঁরা জীবিত, এমন ২২ জনকে আমি সশরীরে মঞ্চে হাজির করব। এসআইআর-এর কারণে মারা গিয়েছেন এমন আটটি পরিবারও এখানে বসবেন।” নির্বাচন কমিশনকে ‘বিজেপির দালাল’ এবং বিজেপিকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করে তিনি সাফ জানান, এই লড়াই চলবে। এসআইআর ইস্যুতে রাজ্যের বহু ভোটারের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সরাসরি সংঘাতের পথে হাঁটলেন তৃণমূল নেত্রী।