২০২৬-এর মহড়ায় লক্ষ্য ব্রিগেড! ১৪ মার্চ মোদীর মেগা সমাবেশ, শুভেন্দু-শমীকের মাস্টারপ্ল্যানে তোলপাড় রাজ্য

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় রাজনৈতিক উত্তাপ চরম সীমায় নিয়ে যেতে চলেছে বিজেপি। একুশের নির্বাচনের ঠিক আগের স্মৃতি উসকে দিয়ে আগামী ১৪ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভার ডাক দিয়েছে গেরুয়া শিবির। আর সেই সভার প্রধান আকর্ষণ হতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির এই মেগা কর্মসূচিকে ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি।
পরিবর্তন যাত্রার মহাপরিনতি:
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যজুড়ে মোট ৯টি ‘পরিবর্তন যাত্রা’ আয়োজিত হচ্ছে। আগামী ১০ মার্চের মধ্যে এই সমস্ত যাত্রা কলকাতায় এসে পৌঁছাবে। এরপর ১৪ মার্চ ব্রিগেডের মহামিছিল ও সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, ২০২১ সালের ৭ মার্চ শেষবার ব্রিগেডে সভা করেছিলেন মোদী। এবারও নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যে সংগঠন মজবুত করতে মরিয়া বিজেপি।
দিল্লি থেকে আসছেন হেভিওয়েটরা:
বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলা এই যাত্রায় অংশ নেবেন বিজেপির একাধিক জাতীয় স্তরের নেতা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুরের মতো হেভিওয়েটরা এই যাত্রার নেতৃত্ব দেবেন। একুশের নির্বাচনে ‘যোগদান মেলা’র মাধ্যমে অন্য দল থেকে নেতা ভাঙানোর কৌশলে আশানুরূপ ফল না মেলায়, এবার সরাসরি মানুষের দুয়ারে পৌঁছাতে ‘পরিবর্তন যাত্রা’কেই সেরা হাতিয়ার মনে করছে বিজেপি।
প্রার্থী বাছাইয়ে কড়া নজর:
নির্বাচনের এখনও দেরি থাকলেও প্রার্থী চয়নের কাজ এখনই শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর:
চলতি মাসের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা দিল্লিতে পাঠানো হবে।
প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য তিনটি করে নাম প্রস্তাব করবে জেলা নেতৃত্ব।
কেন্দ্রীয় সমীক্ষা সংস্থার রিপোর্ট এবং জেলা থেকে আসা নামের ভিত্তিতেই চূড়ান্ত সিলমোহর দেবে সংসদীয় বোর্ড।
শনিবার সল্টলেকের বিজেপির সদর দফতরে রাজ্য কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্রিগেডের সমাবেশকে সফল করতে এবং প্রার্থী তালিকা ত্রুটিমুক্ত রাখতে বিশেষ রণকৌশল তৈরি করেছে পদ্ম শিবির।