রঙের উৎসবে অসভ্যতা রুখতে কড়া কলকাতা পুলিশ! ৩৯৮টি পিকেট আর স্পিডবোটে চলল ম্যারাথন নজরদারি

২০২৬ সালের দোল উৎসবে বড় কোনও রক্তপাত বা বড়সড় দুর্ঘটনা ছাড়াই শান্তিতে কাটল তিলোত্তমা। সৌজন্যে— কলকাতা পুলিশের কঠোর নজরদারি ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। বুধবার লালবাজার সূত্রে জানানো হয়েছে, শহরের শান্তি বিঘ্নিত করা এবং মদ্যপ অবস্থায় অভব্য আচরণের অভিযোগে মোট ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২৫ লিটার মদ।
শহরের ১০টি ডিভিশনেই এদিন সক্রিয় ছিল পুলিশ। অপ্রীতিকর ঘটনা রুখতে মোট ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়েছিল, যার মধ্যে ৮৬টি ছিল অতি-সংবেদনশীল এলাকা। পার্ক সার্কাস, শ্যামবাজার ও খান্না মোড়ের মতো ব্যস্ত এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন ছিল। শুধু তাই নয়, ৬২টি পিসিআর ভ্যান এবং কুইক রেসপন্স টিম (QRT) সারা শহর চষে বেরিয়েছে। বেপরোয়া বাইক আরোহীদের রুখতে সক্রিয় ছিল পুলিশের মোটরবাইক বাহিনীও।
রাস্তার পাশাপাশি নজরদারি চলেছে গঙ্গার ঘাটগুলিতেও। বিচলিঘাট, আউটরাম ঘাটের মতো ৮টি গুরুত্বপূর্ণ ঘাটে বিপর্যয় মোকাবিলা দল ও রিভার ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল। ৪টি স্পিডবোটের মাধ্যমে হুগলির কোন্নগর পর্যন্ত টহল দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার ফলেই এ বছর শহরবাসী একটি নিরাপদ ও উৎসবমুখর দোল কাটাতে পেরেছেন।