খামেনেই পরবর্তী জমানায় ইরান! মসনদে দ্বিতীয় পুত্র মোজতবা, শোকাতুর তেহরানে আজ থেকেই শুরু অন্ত্যেষ্টি

দীর্ঘ ৩৬ বছরের শাসনের অবসান। মার্কিন ও ইজরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে তাঁর জন্মস্থান মাশহাদেই কবর দেওয়া হবে। বুধবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) এবং ইরানের সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’ এই খবর নিশ্চিত করেছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনেই মসজিদে তিন দিনব্যাপী শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হতে চলেছে।

মাশহাদে শেষশয়ান: খামেনেইয়ের ইচ্ছা অনুযায়ী, উত্তর-পূর্ব ইরানের ধর্মীয় কেন্দ্র মাশহাদ শহরের বিখ্যাত ‘ইমাম রেজা মাজার’-এর ভেতরে তাঁকে সমাহিত করা হবে। মাশহাদেই খামেনেইয়ের জন্ম এবং সেখানেই তাঁর বাবার কবর রয়েছে। শিয়া ইসলামের অন্যতম পবিত্র এই তীর্থস্থানে তাঁর অন্ত্যেষ্টি ঘিরে কয়েক লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে।

মোজতবা খামেনেইয়ের অভিষেক: খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের পরবর্তী উত্তরসূরী কে হবেন, তা নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইয়ের (Mojtaba Khamenei) নাম ঘোষণা করা হয়েছে। ৫৬ বছর বয়সি মোজতবার হাতেই এখন ইরানের সর্বময় ক্ষমতা ও শাসনভার ন্যস্ত হতে চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম খামেনেইয়ের মৃত্যুর খবরটি সামনে আনেন, যা পরে ইরান সরকার স্বীকার করে নেয়। খামেনেই শুধু ইরানের রাষ্ট্রপ্রধানই ছিলেন না, বরং প্রতিরক্ষা থেকে অর্থনীতি— সব ক্ষেত্রেই ছিল তাঁর চূড়ান্ত কর্তৃত্ব। তাঁর এই প্রস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।