বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল দুবাই বিমানবন্দর! দেশে ফিরে হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন পিভি সিন্ধু

কয়েকটা বিনিদ্র রাত এবং যুদ্ধের ভয়াবহতাকে খুব কাছ থেকে দেখে অবশেষে স্বদেশের মাটিতে পা রাখলেন ভারতের ব্যাডমিন্টন রানি পিভি সিন্ধু। মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছিলেন তিনি। সেই আতঙ্কের প্রহর কাটিয়ে মঙ্গলবার দেশে ফেরার পর সাই (SAI)-এর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ইটিভি ভারত-এর মুখোমুখি হন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী এই শাটলার। সাফ জানিয়ে দিলেন, এই মুহূর্তে টুর্নামেন্টের চেয়েও তাঁর কাছে ‘নিরাপদে থাকা’ এবং ‘বেঁচে থাকা’ই সবথেকে বড় অগ্রাধিকার।
মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের কারণে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল হওয়ায় অল ইংল্যান্ড ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন সিন্ধু। ইটিভি ভারতের প্রশ্নের উত্তরে হতাশ কণ্ঠে সিন্ধু বলেন, “অল ইংল্যান্ডের জন্য জান লড়িয়ে পরিশ্রম করেছিলাম। সুপার ১০০০ টুর্নামেন্ট থেকে এভাবে নাম তুলে নেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু পরিস্থিতি আমার হাতে ছিল না। তাই হতাশ হলেও, আমি খুশি যে অন্তত নিরাপদে ঘরে ফিরতে পেরেছি।”
দুবাইয়ের সেই হাড়হিম করা অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে সিন্ধু জানান, ২৮ ফেব্রুয়ারি দুপুরে তিনি দুবাই বিমানবন্দরে নামার মাত্র ১৫ মিনিটের মধ্যে সব বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তাঁর কোচ ইরওয়ানসিয়া আদি প্রাতামা বিমানবন্দরের বাইরে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেটি ড্রোন নাকি মিসাইল হামলা ছিল, তা নিয়ে ধন্দে থাকলেও সেই মুহূর্তের আতঙ্ক আজও তাড়া করছে তাঁকে।
আগামী সপ্তাহের সুইস ওপেন নিয়ে সিন্ধু বলেন, “সুইস ওপেনে খেলতে যাওয়া নিয়েও আমি প্রবল সংশয়ে। কারণ সুইজারল্যান্ড যেতে হলেও আমাকে দুবাই হয়েই যেতে হবে। অন্য সব রুটের বিমান আপাতত ভর্তি। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।” তবে এত বড় টুর্নামেন্ট থেকে নাম তোলায় বিডব্লিউএফ (BWF)-এর জরিমানার খাঁড়া তাঁর ওপর ঝুলছে না। বিডব্লিউএফ তাঁর যুদ্ধকালীন পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে ৫০০০ ডলারের জরিমানা মকুব করেছে বলে জানান সিন্ধু।