পর্দার ‘নারায়ণ মুখোপাধ্যায়’ আর নেই! ৮১ বছর বয়সে বিদায় নিলেন থিয়েটার ও সিনেমার মহীরুহ বিজয় কৃষ্ণা

ভারতীয় অভিনয় জগতের এক বর্ণময় অধ্যায়ের অবসান হলো। সঞ্জয় লীলা বনশালির কালজয়ী ছবি ‘দেবদাস’-এ শাহরুখ খানের কঠোর বাবা ‘নারায়ণ মুখোপাধ্যায়’-এর চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন, সেই প্রবীণ অভিনেতা বিজয় কৃষ্ণা আর নেই। ৮১ বছর বয়সে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। থিয়েটার এবং সিনেমা— উভয় মাধ্যমেই তিনি রেখে গিয়েছেন এক সমৃদ্ধ উত্তরাধিকার।

বিজয় কৃষ্ণার প্রয়াণের খবরটি বুধবার প্রকাশ্যে আনেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী তথা বিশিষ্ট অভিনেত্রী লিলেট দুবে। সোশ্যাল মিডিয়ায় শোকাতুর লিলেট লেখেন, “মন ভেঙে গিয়েছে। অসাধারণ অভিনেতা, হ্যান্ডসাম এবং চার্মিং বিজয় ২৫ বছর ধরে আমাদের নাট্যজগতের সঙ্গে যুক্ত ছিলেন। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। এবার পরীদের মনোরঞ্জন করো বিজয়।”

এই খবরে শোকস্তব্ধ বলিউড। অভিনেত্রী সোনি রাজদান লিখেছেন, “১৫ বছর বয়স থেকে তাঁকে চিনি, এই ক্ষতি মেনে নেওয়া কঠিন।” শোক প্রকাশ করেছেন অনুপম খের, সাবা পতৌদি এবং হিমানি শিবপুরীর মতো তারকারা।

মঞ্চের শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিত বিজয় কৃষ্ণা ২০০৪ সালে ‘ড্যান্স লাইক আ ম্যান’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় স্তরে প্রশংসা কুড়িয়েছিলেন। অভিনয় ছাড়াও তাঁর একটি ভিন্ন পরিচয় ছিল করপোরেট জগতে। তিনি গোদরেজ পরিবারের ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং ২০২১ সাল পর্যন্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজের বোর্ড মেম্বার ছিলেন। তাঁর স্ত্রী স্মিতা কৃষ্ণা ভারতের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী। ব্যক্তিগত জীবন এবং অভিনয়— দুই জগতেই এক অনন্য ভারসাম্য বজায় রেখেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।