মধ্যপ্রাচ্যে যুদ্ধের লেলিহান শিখা! বিপাকে প্রবাসী বাঙালিরা, মুশকিল আসান করতে বড় পদক্ষেপ রাজ্যপালের

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ। ইরান, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ভয়াবহ আক্রমণ ও প্রতি-আক্রমণে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুদ্ধের আঁচ এসে পড়েছে এশিয়ার একাধিক দেশেও। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলিতে কর্মরত পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা নিয়ে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এবার বড় পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপালের নির্দেশে কলকাতার রাজভবনে (লোক ভবন) চালু করা হয়েছে একটি বিশেষ সহায়তা কেন্দ্র, যার নাম দেওয়া হয়েছে ‘প্রবাসী হেল্পডেস্ক’। বুধবার রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপসাগরীয় দেশগুলিতে বসবাসরত প্রবাসী বাঙালি এবং তাঁদের পরিবার যে কোনো জরুরি প্রয়োজনে সরাসরি রাজভবনের এই বিশেষ সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

কেন এই পদক্ষেপ? গত কয়েকদিন ধরে ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত চরম সীমায় পৌঁছেছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ইতিমাজধ্যেই আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু ঘরছাড়াদের দুশ্চিন্তা দূর করতে এবং দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য রাজ্যপাল রাজভবনের ‘পিস রুম’-এই এই বিশেষ সেলটি খোলার নির্দেশ দিয়েছেন। এই সেলটি দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে।

রাজভবনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, “উপসাগরীয় দেশগুলিতে পশ্চিমবঙ্গের বহু মানুষ কাজ করেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনা করে তাঁদের পরিবারের উৎকণ্ঠা দূর করতে এই প্রবাসী হেল্পডেস্ক কাজ করবে।” এই সেলের পুরো দায়িত্বে থাকছেন অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সন্দীপ সিং রাজপুত।

কীভাবে যোগাযোগ করবেন? যাঁদের সাহায্য বা তথ্যের প্রয়োজন, তাঁরা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন:

  • ফোন নম্বর: 033-22001641

  • মোবাইল (সন্দীপ সিং রাজপুত, OSD): 97177 73134

  • ইমেল আইডি: peaceroomrajbhavan@gmail.com, osd2w.b.governor@gmail.com

উল্লেখ্য, এর আগেও পঞ্চায়েত ভোট বা সন্দেশখালির মতো ঘটনায় রাজভবনে ‘পিস রুম’ বা হেল্পলাইন খুলে সাধারণ মানুষের অভিযোগ শুনেছিলেন সিভি আনন্দ বোস। এবার আন্তর্জাতিক সংকটের আবহে প্রবাসী বাঙালিদের সুরক্ষায় তাঁর এই উদ্যোগ এক অনন্য নজির সৃষ্টি করল।