রঙ খেলার মাঝেই মিলবে সুরা? আজ কতক্ষণ খোলা থাকবে লিকার শপ, জেনে নিন সময়সূচী

আজ রঙের উৎসব দোলযাত্রা। বসন্তের এই উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। আবির আর রঙের খেলার পাশাপাশি অনেকের কাছেই এই আনন্দ উদযাপনের অন্যতম সঙ্গী হলো সুরাপান। কিন্তু উৎসবের দিনে সুরাপ্রেমীদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজ কি রাজ্যে ‘ড্রাই ডে’? না কি নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে মদের দোকান? আবগারি দফতরের নিয়ম বলছে আজ রাজ্যে ‘হাফ ড্রাই ডে’।

পশ্চিমবঙ্গ আবগারি দফতরের বার্ষিক তালিকা অনুযায়ী, বছরে নির্দিষ্ট কিছু দিন পূর্ণাঙ্গ ‘ড্রাই ডে’ বা মদ বিক্রি নিষিদ্ধ থাকে। তবে দোলের ক্ষেত্রে নিয়মটি কিছুটা ভিন্ন। সাধারণ মানুষের নিরাপত্তা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে দোলের দিন সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত সমস্ত মদের দোকান ও অফ-শপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, আজ দুপুর ২টোর আগে রাজ্যের কোথাও মদের দোকান খোলা পাওয়া যাবে না। এমনকি অনলাইন ডেলিভারি অ্যাপগুলিতেও দুপুর ২টোর আগে অর্ডার করা সম্ভব হবে না।

কখন খুলবে দোকান?
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ২টোর পর থেকে রাজ্যের সমস্ত মদের দোকান স্বাভাবিক নিয়মেই খুলে যাবে। সকালের দিকে যেহেতু রঙের উৎসবের দাপট বেশি থাকে, তাই কোনওরকম বিশৃঙ্খলা বা দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত। তবে সাধারণ মদের দোকান বন্ধ থাকলেও, লাইসেন্সপ্রাপ্ত ফাইভ স্টার হোটেল এবং তাদের সংলগ্ন বারগুলিতে মঙ্গলবার সারাদিনই সুরা পানের সুযোগ থাকছে। সেখানে এই সময়সীমার নিয়ম কার্যকর নয়। তাই বিকেলের পর থেকে উৎসবের আমেজে সামিল হতে চাইলে সুরাপ্রেমীদের দুপুর ২টো পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।