ইরান-ইজরায়েল যুদ্ধ: রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স ১০০০ নামলেও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল ও আমেরিকার মধ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ ভারতের শেয়ার বাজারকে রক্তাক্ত করে তুলেছে। সোমবার সপ্তাহের শুরুতেই লগ্নিকারীদের মধ্যে প্যানিক সেলিং বা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। যার জেরে বিএসই সেনসেক্স এক ধাক্কায় প্রায় ১,০০০ পয়েন্ট পড়ে যায়। কিন্তু বাজারের এই চরম মন্দার মধ্যেও একাই লড়াই করছে ডিফেন্স বা প্রতিরক্ষা খাতের শেয়ারগুলি। বিশেষ করে নজর কেড়েছে ‘পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস’।
সোমবার বাজার খোলার মাত্র এক ঘণ্টার মধ্যে পারাস ডিফেন্সের শেয়ার একলাফে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) শেয়ারটির দাম সকালের দিকেই ৭১৪.৫০ টাকায় পৌঁছে যায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৭৬.৭০ টাকা বেশি। যখন আইটি, ব্যাঙ্কিং বা অটোমোবাইল সেক্টর ধুঁকছে, তখন প্রতিরক্ষা খাতের এই অভাবনীয় দৌড় লগ্নিকারীদের অবাক করেছে।
কেন বাড়ছে ডিফেন্স শেয়ারের দাম? বাজার বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে দেশগুলি নিজেদের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা খাতে খরচ বাড়িয়ে দেয়। এতে এই ধরণের কোম্পানিগুলির হাতে প্রচুর নতুন কাজের অর্ডার আসার সম্ভাবনা তৈরি হয়। এছাড়া, ডিফেন্স কোম্পানিগুলির আয় মূলত সরকারি চুক্তির ওপর নির্ভরশীল হওয়ায় বাজারের তাৎক্ষণিক পতনে এরা খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না। তাই ক্রুড অয়েলের দাম বাড়লে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিনিয়োগকারীরা ডিফেন্স সেক্টরকে ‘সেফ বেট’ বা নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করেন।