দালাল স্ট্রিটে ‘ব্ল্যাক মানডে’-র প্রত্যাবর্তন! মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিমিষেই ছাই সাড়ে ৭ লক্ষ কোটি

সপ্তাহের শুরুতেই কার্যত রক্তস্নাত ভারতীয় শেয়ার বাজার। মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়া যুদ্ধক্ষেত্রে পরিণত হতেই সোমবার সকালে তার চরম প্রভাব পড়ল দাল্লাল স্ট্রিটে। দুপুর ১২টা ৪০ মিনিটের মধ্যেই সেনসেক্স এক ধাক্কায় ১৪০০ পয়েন্ট পড়ে ৭৯,৭২৪-এর স্তরে নেমে আসে। পাল্লা দিয়ে ৪৭৫ পয়েন্ট খুইয়ে নিফটি-৫০ নেমে যায় ২৪,৬৯২ পয়েন্টে। এই নজিরবিহীন পতনের জেরে বিনিয়োগকারীরা স্রেফ কয়েক ঘণ্টায় সাড়ে ৭ লক্ষ কোটি টাকা খুইয়েছেন।
বাজারের এই ধসের হাত থেকে রেহাই পায়নি এল অ্যান্ড টি, রিলায়েন্স বা মাহিন্দ্রার মতো হেভিওয়েট শেয়ারগুলিও। অন্যদিকে, আন্তর্জাতিক অস্থিরতার জেরে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হয়েছে— ডলার প্রতি রুপির দাম নেমে এসেছে ৯১ টাকায়। ইরান-আমেরিকা যুদ্ধকালীন পরিস্থিতির জেরে পেট্রোপণ্য ও এনার্জি সেক্টরের শেয়ারগুলিতে (আদানি টোটাল গ্যাস, আইওসি, বিপিসিএল) প্রায় ৫ শতাংশ পতন দেখা গিয়েছে, যা কার্যত প্রত্যাশিতই ছিল।
এমকি গ্লোবাল ফিন্যান্সিয়াল সার্ভিস (Emkey Global) জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাজারে বজায় থাকবে। তবে সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই বাজার আবার নিজস্ব গতিতে ফিরবে। আপাতত এনার্জি ও পেট্রোকেমিক্যাল সেক্টরের শেয়ারগুলি থেকে সতর্ক থাকাই শ্রেয়।