ভারত সামলে নিলেও চুরমার পাকিস্তান! একদিনে ৫০০০ পয়েন্ট পতন, ধ্বংসের মুখে করাচি স্টক এক্সচেঞ্জ

ভারত যখন বাজারের ঝটকা সামলে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ধ্বংসের কিনারে গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের অর্থনীতি। সোমবার সপ্তাহের শুরুতেই করাচি স্টক এক্সচেঞ্জে (KSE-30) নেমে এল ঐতিহাসিক বিপর্যয়। সূচক প্রায় ১০ শতাংশ বা ৫০০০ পয়েন্ট পড়ে যাওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বেগতিক দেখে তড়িঘড়ি ৪৫ মিনিটের জন্য লেনদেন স্থগিত (Trading Halt) করতে বাধ্য হয় পাক কর্তৃপক্ষ।

পাকিস্তানের এই রেকর্ড পতনের নেপথ্যে রয়েছে তিনটি ভয়ংকর কারণ। প্রথমত, মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের ছায়া। দ্বিতীয়ত, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সরাসরি যুদ্ধ। পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তে ‘গজব লিল হক’ (Ghazab Lil Haq) নামে এক সামরিক অভিযান শুরু করেছে, যা বিনিয়োগকারীদের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। তৃতীয়ত, দেশের অভ্যন্তরীণ অরাজকতা। ইরানের ওপর হামলার প্রতিবাদে করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও করতে গিয়ে পুলিশের গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ভারতীয় বাজারেও ধস নেমেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। সোমবার বাজার খুলতেই সেনসেক্স ও নিফটির পতনে ভারতীয় বিনিয়োগকারীদের ১৭.৫৯ লক্ষ কোটি টাকা উধাও হয়েছে। বিএসই-র বাজার মূলধন ৪৬.৩৫ লক্ষ কোটি থেকে কমে ৪৪.৫৯ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। তবে পাকিস্তানের মতো বাজার বন্ধের পরিস্থিতি তৈরি হয়নি ভারতে।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের অর্থনীতির টেকনিক্যাল চার্ট এখন চরম দুর্বল। বিশেষজ্ঞদের মতে, সূচক ৩৩,০০০ পয়েন্টের ঘরেও নেমে যেতে পারে। গত এক বছরের সমস্ত লাভ এক নিমেষে ধুয়ে মুছে যাওয়ার পথে। সীমান্ত যুদ্ধ এবং অভ্যন্তরীণ বিদ্রোহ না থামলে পাকিস্তানের বাজার ঘুরে দাঁড়ানো অসম্ভব বলেই মনে করা হচ্ছে।