সেনসেক্স নামল ২,৭৪৩ পয়েন্ট! মোদী-শাহের বাংলায় সফরের মাঝেই শেয়ার বাজারে ব্ল্যাক মানডে

সপ্তাহের শুরুতেই কার্যত রক্তস্নাত ভারতীয় শেয়ার বাজার। সোমবার, ২ মার্চ ট্রেডিং সেশন শুরু হতেই আছড়ে পড়ল বিক্রির প্রবল চাপ। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে ঘনীভূত যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বিশ্বজুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার সরাসরি বলি হলেন ভারতীয় বিনিয়োগকারীরা। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই বিএসই সেনসেক্স প্রায় ২,৭৪৩ পয়েন্ট বা ৩.৩৭ শতাংশ ধসে গিয়ে ৭৮,৫৪৩-এর স্তরে নেমে আসে। একই সঙ্গে নিফটি-৫০ সূচকও ৫৩৩ পয়েন্ট হারিয়ে ২৪,৬৪৫-এর ঘরে পৌঁছে যায়।
এই ধসের জেরে লগ্নিকারীদের কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির অবনতিই এই বিপর্যয়ের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৭ শতাংশ বেড়ে যাওয়ায় ভারতের মতো আমদানি-নির্ভর অর্থনীতির ওপর বড়সড় চাপের মেঘ তৈরি হয়েছে। তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রবল হয়, যার আঁচ লেগেছে শেয়ারের দরেও।
শুধু শেয়ার বাজার নয়, এদিন ভারতীয় মুদ্রার রেকর্ড পতনও উদ্বেগ বাড়িয়েছে। মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম কমে ৯১.৫০-এর নীচে নেমে গিয়েছে। এর ফলে আমদানি খরচ আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) গত সেশনেই প্রায় ৭,৫৩৬ কোটি টাকার শেয়ার বিক্রি করে বাজার থেকে পুঁজি সরিয়ে নিয়েছেন। বাজারের অস্থিরতার সূচক ‘ইন্ডিয়া ভিআইএক্স’ (India VIX) আজ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে যে আগামী দিনগুলোতে বাজার আরও বড় ওঠানামার সাক্ষী থাকতে পারে।