দাউদাউ জ্বলছে মধ্যপ্রাচ্য, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে! একদিনেই উবে গেল বিনিয়োগকারীদের ৭ লক্ষ কোটি

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইজরায়েল-ইরান সংঘাতের আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতের শেয়ার বাজারে। সোমবার সপ্তাহের শুরুতেই দালাল স্ট্রিটে হাহাকার। সারাদিনের লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন এক ধাক্কায় ৭ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে। বিনিয়োগকারীদের এই বিশাল ক্ষতির নেপথ্যে রয়েছে বিশ্বজুড়ে তৈরি হওয়া যুদ্ধকালীন অস্থিরতা।

সোমবার লেনদেন শেষে সেনসেক্স ১০৪৮.৩৪ পয়েন্ট বা ১.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮০,২৩৮.৮৫-এর স্তরে। অন্যদিকে, নিফটি ৩১ পয়েন্ট হারিয়ে ২৪,৮৬৫.৭০-এর ঘরে এসে থমকেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান টেনশনের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন, যার ফলে বাজারে এই ব্যাপক বিক্রি বা ‘প্যানিক সেলিং’ শুরু হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে অটোমোবাইল, ইনফ্রাস্ট্রাকচার এবং তেল-গ্যাস সেক্টর। টাটা মোটরস, মারুতি সুজুকি থেকে শুরু করে এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বড় শেয়ারগুলির দরেও বড় পতন দেখা দিয়েছে। তবে এই চরম অস্থিরতার মধ্যেও মাথা তুলে দাঁড়িয়েছে ডিফেন্স এবং ফার্মা সেক্টরের কিছু শেয়ার। সান ফার্মা ও আইটিসি-র মতো হাতেগোনা কয়েকটি সংস্থা লাভের মুখ দেখেছে।

বাজার বিশ্লেষক রূপক দে-র মতে, নিফটি বর্তমানে তার ‘ট্রেন্ড লাইন’-এর নীচে নেমে এসেছে, যা বাজারের দুর্বলতার স্পষ্ট ইঙ্গিত। আগামী দিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত না হলে শেয়ার বাজারের এই অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।