‘মে মাসে বিজেপি জিতলে ৪৫ দিনেই সপ্তম পে কমিশন!’ মথুরাপুরে সরকারি কর্মীদের জন্য শাহী ধামাকা

২০২৬-এর মে মাসে বাংলায় বিজেপি সরকার গড়লে মাত্র ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর করা হবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রায়দিঘিতে ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে এই মেগা প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে উসকে দিয়ে শাহ এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে।

সরকারি কর্মীদের জন্য ‘শাহী’ প্রতিশ্রুতি অমিত শাহ তাঁর ভাষণে বলেন, “গত ১৫ বছর ধরে তৃণমূল সরকার সরকারি কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। কেন্দ্রীয় সরকার ২০১৬ সাল থেকে সপ্তম পে কমিশন কার্যকর করলেও বাংলায় তা লাগু হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএ-র বকেয়া মেটানো হচ্ছে না।” তিনি সাফ ঘোষণা করেন, মে মাসে বাংলায় বিজেপির সরকার শপথ নেওয়ার দেড় মাসের মধ্যেই সরকারি কর্মীদের হাতে বর্ধিত বেতন ও বকেয়া পৌঁছে দেওয়া হবে।

কর্মসংস্থান ও নিয়োগে মাস্টারস্ট্রোক কেবল পে কমিশন নয়, বেকার যুবক-যুবতীদের জন্যও একগুচ্ছ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়িয়ে দেওয়া হবে। এ ছাড়াও বাতিল হওয়া পদগুলি পুনর্বহাল করা এবং বিনা ঘুষে স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূলকে ‘ভাইপোর শাসন’ বলে কটাক্ষ করে তাঁর দাবি, রাজ্যে উন্নয়নের বদলে স্বজনপোষণ চলছে।

রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক মহলের মতে, সরকারি কর্মীদের একটা বড় অংশ ডিএ এবং পে কমিশন নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। নির্বাচনের আগে শাহের এই ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া আদতে সেই ভোটব্যাঙ্ককে বিজেপির পালে টানারই কৌশল।