নিউটাউনে ৫ একর জমিতে বিশাল জৈন মন্দির! দোলের আগেই বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী

দোল ও হোলির প্রাক্কালে একদিকে যেমন সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে নিউটাউনে জৈন মন্দিরের জন্য ৫ একর জমি দেওয়ার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে উৎসবের আবহের মধ্যেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে তাঁর কণ্ঠে শোনা গেল চরম হুঁশিয়ারি।
জৈন সম্প্রদায়ের জন্য বড় উপহার এদিন মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনের বিশ্ববাংলা গেটের কাছেই ৬০০ মিটারের মধ্যে ৫ একর জমি কনসেশনাল রেটে জৈন মন্দির নির্মাণের জন্য দেওয়া হবে। তিনি বলেন, “জৈন কমিউনিটির অনুরোধে আমি জমি খুঁজে নিয়েছি। আপনারা ট্রাস্টের মাধ্যমে সেখানে মন্দির তৈরি করুন।” এর পাশাপাশি জগন্নাথ ধাম, দক্ষিণেশ্বর ও তারাপীঠের মতো বিভিন্ন ধর্মীয় স্থানের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ‘সর্বধর্ম সমন্বয়ে’র বার্তা দেন।
নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ তবে খুশির খবরের মাঝেই ভোটার তালিকা সংশোধন নিয়ে বিস্ফোরক অভিযোগ আনেন মমতা। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তিনি বলেন, “ভারত সরকার ও নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে।”
মর্মান্তিক পরিণতির খতিয়ান মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বহু মানুষকে ‘ডাউটফুল’ তালিকায় ফেলা হচ্ছে। এর ফলে আতঙ্কে এক মহিলার ব্রেন স্ট্রোক হয়েছে এবং একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তিনি বলেন, “বিএলও-রা দিনরাত কাজ করছেন, অথচ দিল্লির নির্দেশে ফাইভ স্টার হোটেলে বসে মাইক্রো অবজার্ভাররা নাম কাটছেন।” বিজেপির ‘রথযাত্রা’কে কটাক্ষ করে তিনি সাফ জানান, এই যাত্রাই হবে তাদের ‘বিদায় যাত্রা’।