ভুট্টা ক্ষেত ফুঁড়ে জন্ম নিল সাক্ষাৎ ‘দানব’! ৯ বছরে বাড়ল ১৩৯১ ফুট, মেক্সিকোর এই রহস্য আজও বিজ্ঞানীদের কাছে ধাঁধা!

১৯৪৩ সাল। মেক্সিকোর মিচোয়াকান রাজ্যের এক কৃষক নিজের ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। আচমকাই তিনি লক্ষ্য করেন, জমির বুক চিরে বেরোচ্ছে ধোঁয়া আর গরম ছাই। মুহূর্তের মধ্যে সবুজ ক্ষেত ফুঁড়ে জন্ম নিল এক জলজ্যান্ত আগ্নেয়গিরি! বিজ্ঞানের ইতিহাসে যা ‘পারিকুটিন’ নামে পরিচিত। শুধু জন্ম নেওয়াই নয়, পরবর্তী ৯ বছরে এটি বিস্ময়করভাবে ১ হাজার ৩৯১ ফুট উচ্চতায় পৌঁছে যায়।
আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জ্বালামুখ থেকে অনবরত লাভা ও আগুনের গোলা বেরোতে থাকায় আশপাশের বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি ছাই আর পাথরে ঢেকে যায়। ভিটেমাটি ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হয় কয়েক হাজার মানুষকে। বিজ্ঞানীরা জানান, এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম বিরল ঘটনা যেখানে মানুষের চোখের সামনে সমতল ভূমি থেকে একটি পাহাড়ের জন্ম হয়েছে। ১৯৫২ সালে অগ্নুৎপাত বন্ধ হওয়ার পর বর্তমানে এটি একটি শান্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি। এখন এটি মেক্সিকোর জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও, এর ধ্বংসলীলার স্মৃতি আজও স্থানীয়দের মনে আতঙ্ক জাগায়।