বাংলার ৯৯ আসনে নতুন ভোটার ‘শূন্য’! রহস্যের মাঝেই বাতিল হওয়া ৬ লক্ষ ভোটারকে ফের যাচাইয়ের সুযোগ

ভোটের মুখে বড় সিদ্ধান্ত ভারতের নির্বাচন কমিশনের। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না ওঠায় যাঁরা হতাশ হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য এল সুবর্ণ সুযোগ। বিশেষ করে শুনানিতে অনুপস্থিত থাকা বা নোটিশ না পাওয়া প্রায় ৬ লক্ষ ভোটারকে পুনরায় নথিপত্র যাচাইয়ের (Verification) সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কারা পাবেন এই সুযোগ? কমিশন সূত্রে খবর, অনেক ভোটারের অভিযোগ ছিল যে তাঁরা শুনানির নোটিশ সময়মতো হাতে পাননি, আবার কেউ কেউ বিশেষ কারণে শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। আগে ইআরও (ERO) বা এইআরও (AERO)-দের তরফে এই আবেদনগুলি বাতিল করা হয়েছিল। এবার সেই সব ভোটারকে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (Under Adjudication) শ্রেণিতে রেখে পুনরায় পর্যালোচনার সুযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি এই পর্যায়ে রয়েছে, যা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর।

বাংলার তালিকায় ‘শূণ্য’ রহস্য শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় এক অদ্ভুত চিত্র ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টি আসনেই নতুন ভোটারের সংখ্যা ‘শূণ্য’! অর্থাৎ, গত আড়াই মাসে এই কেন্দ্রগুলোতে একজনও নতুন নাম নথিভুক্ত করার জন্য ‘ফর্ম ৬’ জমা দেননি বলে নথিতে দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

বাদ পড়ার পরিসংখ্যান:

  • মোট বাদ: প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গিয়েছে।

  • খসড়া তালিকার হিসাব: খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের।

  • সব মিলিয়ে বাদের সংখ্যা: বিভিন্ন ধাপে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে।

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতেই কমিশন এই পুনর্বিবেচনার পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে।