হোলিতে ট্রেনের আকাল? চিন্তা নেই! যাত্রীদের জন্য ১৪ জোড়া স্পেশাল ট্রেন আনল উত্তর-পূর্ব সীমান্ত রেল

আসন্ন হোলি ও দোল উৎসবে ঘরের মানুষের কাছে পৌঁছানো এখন আরও সহজ। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এবং সফরকে আরামদায়ক করতে বড় ঘোষণা করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR)। রেল সূত্রে খবর, উৎসবের মরশুমে মোট ১৪ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে, যা সব মিলিয়ে ১২৮টি ট্রিপ সম্পন্ন করবে। এর ফলে উত্তর-বঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে যাতায়াতকারী কয়েক হাজার যাত্রী উপকৃত হবেন।
নিরাপত্তা ও প্রযুক্তিতে জোর শুধুমাত্র ট্রেন চালানোই নয়, যাত্রী সুরক্ষা এবং স্টেশন ব্যবস্থাপনায় একগুচ্ছ নতুন পদক্ষেপ নিয়েছে রেল দপ্তর। প্রধান স্টেশনগুলিতে তৈরি করা হয়েছে বিশেষ ‘হোল্ডিং এরিয়া’। সেখানে পানীয় জল, উন্নত মানের শৌচাগার এবং পর্যাপ্ত বসার জায়গার ব্যবস্থা থাকছে। ভিড় নিয়ন্ত্রণে এবার সাধারণ নজরদারির পাশাপাশি রিয়েল-টাইম সিসিটিভি এবং স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোন ব্যবহার করা হবে। প্ল্যাটফর্মে দ্রুত চলাচলের জন্য আরপিএফ জওয়ানদের হাতে থাকছে সেগওয়ে স্কুটার।
যাত্রীদের জন্য বিশেষ সুবিধা:
-
২৪x৭ নজরদারি: ডিভিশনাল অফিস ও সদর দপ্তরে খোলা হয়েছে বিশেষ ‘ওয়ার রুম’, যেখান থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখা হবে।
-
অতিরিক্ত কর্মী: আরপিএফ, জিআরপি এবং কমার্শিয়াল স্টাফদের সংখ্যা বাড়ানো হয়েছে যাতে বিশৃঙ্খলা না ঘটে।
-
পরিচ্ছন্নতা অভিযান: উৎসবের কথা মাথায় রেখে ট্রেন ও স্টেশনে চালানো হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ড্রাইভ।
রেল আধিকারিকদের মতে, ‘প্যাসেঞ্জার-ফার্স্ট’ নীতি মেনেই এই পরিকল্পনা সাজানো হয়েছে। যাতে হোলির সময় টিকিট না পেয়ে কাউকে সমস্যায় পড়তে না হয়, তার জন্য এই অতিরিক্ত ১২৮টি ট্রিপ নিয়মিত ট্রেনের পরিপূরক হিসেবে কাজ করবে।