উত্তর কলকাতায় উধাও ৪ লাখ ভোটার! মমতার জয় নিয়ে বিস্ফোরক দাবি তাপস রায়ের

উত্তর কলকাতার রাজনীতির সমীকরণ কি এবার আমূল বদলে যেতে চলেছে? নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে তিলোত্তমার অলিতে-গলিতে। কমিশন জানিয়েছে, উত্তর কলকাতা আসন থেকে এখনও পর্যন্ত মোট ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লক্ষ ৯০ হাজার নাম আগেই খসড়া তালিকায় বাদ গিয়েছিল, চূড়ান্ত তালিকায় যোগ হলো আরও ১৭ হাজার। এছাড়া আরও ৪০ হাজার নাম এখনও ‘অমীমাংসিত’ তালিকায় রয়েছে।

এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা তাপস রায়। চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়া তাপস রায়ের দাবি, এই ‘ভুয়ো’ ভোটব্যাঙ্কই তৃণমূলের জয়ের আসল চাবিকাঠি। তিনি কটাক্ষ করে বলেন, “এই সমস্ত ভোট নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে।” তাঁর মতে, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকায় রেখে দিনের পর দিন ভোট বৈতরণী পার করেছে শাসকদল।

কমিশনের এই ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব ছিল তৃণমূল। তাদের অভিযোগ ছিল, ভোটারদের হেনস্থা করা হচ্ছে। পাল্টা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন, সঠিক তদন্ত হলে রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ভুয়ো নাম ধরা পড়বে। উত্তর কলকাতায় ৪ লক্ষ নাম বাদ পড়ার পর আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ বাড়বে কি না, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাঙালির অস্মিতা আর ভোট রাজনীতির এই দ্বন্দ্বে উত্তর কলকাতা এখন ফুটছে।