পেটে খিদে নিয়ে পাঠদান! বুনিয়াদপুরে ৪ মাস ধরে বেতনহীন শিক্ষকরা, দায়ী কে?

কাজ আছে কিন্তু পারিশ্রমিক নেই! গত অক্টোবর মাস থেকে বুনিয়াদপুর পুরসভা এলাকার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (MSK) শিক্ষক ও কর্মীদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। দীর্ঘ চার মাস ধরে বেতন না পেয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন ১৪ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। অথচ আশ্চর্যজনকভাবে, একই ব্লকের অধীনে থাকা অন্যান্য কেন্দ্রের কর্মীরা নিয়মিত বেতন পেলেও পুরসভার অধীনে থাকা স্কুলগুলির কপালে জুটছে কেবল অবহেলা।

২০২৩ সালের নভেম্বর মাসে করখা সারথী ও চকসাদুল্লা এমএসকে কেন্দ্র দুটি বুনিয়াদপুর পুরসভার অধীনে চলে যায়। অভিযোগ, এরপর থেকেই বেতনের অনিয়ম শুরু হয়েছে। বর্তমানে এই দুটি কেন্দ্রে ৬ জন শিক্ষক ও কর্মী রয়েছেন যারা গত অক্টোবর থেকে এক পয়সাও হাতে পাননি। বেতন না মিললেও প্রতিদিন নিয়ম মেনে স্কুলে আসতে হচ্ছে তাঁদের। এমনকি করখা স্কুলে ৯১ জন পড়ুয়ার ভবিষ্যৎ সামলাচ্ছেন মাত্র ৩ জন শিক্ষক, কারণ একজনকে অন্য স্কুলে ডেপুটেশনে পাঠানো হয়েছে। এই চরম সংকটে পঠনপাঠন লাটে ওঠার জোগাড়।

পুরসভার দাবি, জট রয়েছে খোদ সরকারি দপ্তরে। বুনিয়াদপুর পুরসভার পুরপ্রশাসক সমীর সরকার জানান, এই শিক্ষকদের বেতন আসে ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট’ থেকে। সেখান থেকে কোনও তথ্য বা বরাদ্দ না আসায় পুরসভা হাত গুটিয়ে বসে আছে। যদিও বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার এই পরিস্থিতির জন্য সরাসরি রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন। বেতন সংকটের জেরে শুধু শিক্ষক নয়, ধুঁকছে ১০টি এসএসকে (SSK) কেন্দ্রও, যার ফলে স্কুলগুলিতে আশঙ্কাজনকভাবে কমছে পড়ুয়ার সংখ্যা।