অবসরের ঘোষণাতেও থামছে না জাদু! অরিজিতের নতুন গান ‘রায়না’ ঘিরে নেটপাড়ায় আবেগের জোয়ার

গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং যখন ঘোষণা করেছিলেন তিনি আর প্লেব্যাক করবেন না, তখন ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু সেই ‘বিনা মেঘে বজ্রপাত’-এর রেশ কাটতে না কাটতেই মুক্তি পেল তাঁর নতুন সিঙ্গলস ‘রায়না’। সুরকার শেখর রাভজিয়ানি এবং গীতিকার প্রিয়া সারাইয়ার এই রোমান্টিক সৃষ্টিতে অরিজিতের কণ্ঠ ফের একবার প্রমাণ করল— কেন তিনি অনন্য। ইউটিউব থেকে ফেসবুক, সর্বত্রই ভক্তরা লিখছেন, “গুরুর এই স্বাধীন সফর দীর্ঘজীবী হোক।”
পুরনো চুক্তির হাত ধরে শেষ কিছু গান: প্লেব্যাক ছাড়লেও আগের কিছু প্রতিশ্রুতি রক্ষা করতে অরিজিৎকে এ বছর আরও কয়েকটি ফিল্মি গানে পাওয়া যাবে। আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জুনেইদ খান এবং সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ ছবিতে শোনা যাবে তাঁর কণ্ঠ। এছাড়া চর্চা তুঙ্গে যে, শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এও থাকতে পারে অরিজিতের ম্যাজিক। যদিও ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতেই তাঁর শেষ প্লেব্যাক থাকার কথা ছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, চলচ্চিত্রের সীমাবদ্ধতা কাটিয়ে অরিজিৎ এবার গ্লোবাল মিউজিক আইকন হওয়ার পথে হাঁটছেন। ‘রায়না’ সেই নতুন পথের প্রথম সোপান।