দৃষ্টিহীন যুধাজিতের অদম্য লড়াইকে কুর্নিশ! রাষ্ট্রপতি পুরস্কারের পর এবার সাংসদ কল্যাণের উদ্যোগে সরকারি চাকরি

উত্তরপাড়ার বাসিন্দা যুধাজিৎ দে-র জীবন এক লড়াইয়ের গল্প। দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও তিনি শুধু দাবার চাল দেন না, সেতারের সুরেও মুগ্ধ করেন সবাইকে। গত বছর ডিসেম্বরে তাঁর এই বহুমুখী প্রতিভাকে সম্মান জানিয়ে পুরস্কৃত করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে সম্মানের পাশাপাশি প্রয়োজন ছিল স্থায়িত্বের। সেই লক্ষ্যেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন যুধাজিৎ।
মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োগপত্র: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুধাজিতের আবেদন পাওয়ার পরই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মেলার পরেই দ্রুততার সঙ্গে তাঁর চাকরির ব্যবস্থা করা হয়। শনিবার উত্তরপাড়ার স্পোর্টস বিভাগে গ্রুপ-ডি পদে (অস্থায়ী) যুধাজিতের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
সাংসদের প্রতিক্রিয়া: কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুধাজিতের ভূয়সী প্রশংসা করে জানান, “যুধাজিৎ আমাদের এলাকার গর্ব। ও শুধু ভালো দাবাড়ু নয়, খুব ভালো সেতারও বাজায়। ওর দক্ষতার কথা চিন্তা করেই আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে ওর হাতে নিয়োগপত্র তুলে দিলাম। ও খুব মন দিয়ে কাজ করছে।”
ছেলের এই নতুন কর্মজীবনে প্রবেশের দিনটিকে ‘স্মরণীয়’ বলে অভিহিত করেছেন যুধাজিতের মা। তিনি মুখ্যমন্ত্রী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।