ভোটের আগে অ্যাকশনে ডিজি! কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ সুপারদের কড়া ধমক পীযূষ পাণ্ডের

২০২৬-এর বিধানসভা ভোটের রণদামামা বাজতেই নড়েচড়ে বসল রাজ্য পুলিশ প্রশাসন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে জেলা পুলিশ সুপার ও কমিশনারদের স্পষ্ট বার্তা দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার আগেই সমন্বয় নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। ডিজির সাফ কথা, “বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে বা মিসলিড করা হচ্ছে”—এমন কোনো অভিযোগ যেন কোনোভাবেই না ওঠে। এসওপি (SOP) মেনেই রুটমার্চ এবং এলাকা দখলের কাজ সারতে হবে।
ভোটের প্রস্তুতির পাশাপাশি সামনেই দোলযাত্রা ও হোলি। এই উৎসবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের সমস্ত সশস্ত্র ব্যাটালিয়ন যেমন—SAP, RAF, EFR এবং স্ট্রাইক ফোর্সকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় ডিউটি থেকে সরিয়ে বাহিনীকে সদর দফতরে মজুত রাখার নির্দেশ দিয়েছেন ডিজি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নির্দেশিকাকে ‘অতি জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই বাহিনীকে যে কোনো মুহূর্তে মোতায়েনের জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোট ও উৎসবের আবহে জনমনে নিরাপত্তা নিশ্চিত করা যায়।