হাবরা লোকালের তলায় লেলিহান শিখা! অল্পের জন্য রক্ষা পেল বড় প্রাণহানি, স্টেশনে তুলকালাম!

ব্যস্ত বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বিধাননগর স্টেশন। বুধবার বিকেলে শিয়ালদা থেকে ছেড়ে আসা হাবরা লোকাল যখন ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে, তখনই ট্রেনের ইঞ্জিনের নীচের অংশে আগুন জ্বলতে দেখেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। হুলস্থুল পড়ে যায় আতঙ্কিত যাত্রীদের মধ্যে। প্রানভয়ে হুড়মুড়িয়ে কামরা থেকে নামতে শুরু করেন শয়ে শয়ে মানুষ।

আগুনের উৎস: প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ট্রেনের ইঞ্জিনের ঠিক নীচেই থাকা ব্যাটারি বক্সে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলতে শুরু করে। রেললাইন এবং প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েন রেল পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয়দের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

রেলে বারংবার অগ্নিকাণ্ড: সাম্প্রতিক সময়ে লোকাল ট্রেনে আগুন লাগার ঘটনা যেন নিত্যদিনের তালিকায় ঢুকে পড়েছে। গত বছর শিয়ালদা স্টেশনে নৈহাটি লোকালে এবং কয়েক দিন আগেই বর্ধমানের কাটোয়া স্টেশনে ট্রেনের কামরা ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছিল। মালদাগামী গাইসাল ট্রেনের ইঞ্জিনেও একই ধরনের ঘটনা সামনে এসেছিল। একের পর এক এই অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের রক্ষনাবেক্ষণ এবং যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিধাননগরের এই ঘটনায় হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ট্রেনটির যান্ত্রিক কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকেই এই আগুন কি না, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।