আইসিডিএস কেন্দ্রে কলঙ্কিত শৈশব! ‘দিদিমণি’র বিরুদ্ধে অচ্ছুৎ আচরণের অভিযোগ, তদন্তে মহকুমা শাসক

বাবার শরীরে মারণ রোগ থাবা বসিয়েছে, অথচ সেই অপরাধে শাস্তি পেতে হলো চার বছরের অবোধ শিশুকে। বাবার ‘এইচআইভি’ (HIV) পজিটিভ হওয়ার অপরাধে এক একরত্তিকে আইসিডিএস (ICDS) স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকায় এই অমানবিক ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, শিশুটির বাবা বর্তমানে এই রোগের কারণে হাসপাতালে চিকিৎসাধীন। খবরটি এলাকায় চাউর হতেই ওই আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা শিশুটিকে স্কুল থেকে চলে যেতে বলেন। স্তম্ভিত মা যখন কারণ জানতে স্কুলে যান, তখন শিক্ষিকা সরাসরি জানিয়ে দেন যে, যেহেতু শিশুটির বাবা ওই রোগে আক্রান্ত, তাই তাকে আর স্কুলে রাখা যাবে না। অপমানে ও কান্নায় ভেঙে পড়া মা বাধ্য হয়ে মহকুমা শাসক এবং সিডিপিও (CDPO) দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যদিও অভিযুক্ত শিক্ষিকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনও অন্যায় করেননি এবং তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তবে মারণ রোগ নিয়ে সামাজিক কুসংস্কারের জেরে একটি শিশুর পড়াশোনার অধিকার কেড়ে নেওয়ার এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে প্রশাসনিক মহলে। পরিবারের দাবি, তাঁদের সন্তানকে যেন সাধারণ শিশুদের মতোই স্কুলে পড়ার সুযোগ দেওয়া হয়।