ফলের গায়ে ইঁদুর মারার বিষ! মুম্বইয়ে ফল বিক্রেতাদের কাণ্ড দেখে শিউরে উঠছে দেশ, সাবধান ক্রেতারা!

ফল কেনার সময় আমরা সাধারণত সেটি টাটকা কি না তা যাচাই করি। কিন্তু সেই ফলের গায়েই যদি মাখানো থাকে প্রাণঘাতী ইঁদুর মারার বিষ? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, মুম্বইয়ের মালাড এলাকায় এই হাড়হিম করা ঘটনার জেরে দুই ফল বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

কুণাল সালুঙ্কে নামে এক স্থানীয় বাসিন্দা ভিডিওটি রেকর্ড করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিক্রেতা হাতে ইঁদুর মারার বিষের টিউব নিয়ে কলার গায়ে সেই বিষাক্ত তরল মাখাচ্ছেন। অভিযুক্ত বিক্রেতার দাবি, নষ্ট হয়ে যাওয়া কলাগুলিকে ইঁদুর মারার টোপ হিসেবে ব্যবহার করছিলেন তিনি, যাতে দোকানের ভালো ফলগুলি ইঁদুর নষ্ট না করে। তবে ঘটনাস্থলে উপস্থিত জনতা অভিযোগ করেন, দোকানের বেদানা-সহ অন্যান্য টাটকা ফলেও একই ভাবে বিষ মাখানো ছিল।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। ছোট শিশুরা অনেক সময় না ধুয়েই ফল মুখে দেয়, সেক্ষেত্রে এই বিষাক্ত প্রলেপ বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারত। কুণাল সালুঙ্কের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দুই বিক্রেতাকেই শ্রীঘরে পাঠিয়েছে। ফল কেনার সময় এখন থেকে বিক্রেতার ওপর অন্ধবিশ্বাস না করার পরামর্শ দিচ্ছে ওয়াকিবহাল মহল।