জুয়ার ঠেকে জেতা টাকা চাইতেই রক্তারক্তি! ক্যানিংয়ে যুবকের পেটে ছুরি চালিয়ে দিল সঙ্গীরা

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হেড়োভাঙ্গা এলাকায় বুধবার গভীর রাতে জুয়ার আসরকে কেন্দ্র করে ঘটে গেল এক নৃশংস ঘটনা। জুয়ায় জেতা টাকা চাওয়ায় অভিজিৎ রাউত নামে এক যুবকের পেটে ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই পরিচিতদের বিরুদ্ধে। অভিযুক্তদের মারে অভিজিতের মাথাও ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে হেড়োভাঙ্গা এলাকায় অভিজিৎ সহ চারজন যুবক জুয়া খেলতে বসেছিলেন। খেলায় অভিজিৎ জিতে গেলে তিনি অন্য দুই যুবক ভোলা ও নুরোর কাছে প্রাপ্য টাকা চান। কিন্তু অভিযুক্তরা টাকা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই আচমকা ভোলা ও নুরো ছুরি বার করে অভিজিতের পেটে ঢুকিয়ে দেয় এবং লাঠি দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অভিজিৎ।

আক্রান্ত যুবককে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত অভিজিৎ বলেন, “কথা কাটাকাটি হচ্ছিল ঠিকই, কিন্তু ওরা যে এভাবে ছুরি বের করে পেটে ঢুকিয়ে দেবে তা ভাবতে পারিনি।”