উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে! হায়দরাবাদি বিরিয়ানি থেকে কুর্গি মাংস— মেনুতে এলাহি আয়োজন!

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন দক্ষিণ ভারতের দুই সুপারস্টার বিজয় দেবকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। রাজস্থানের উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে এক নির্জন প্রাসাদে বসেছে এই হাই-প্রোফাইল বিয়ের আসর। বৃহস্পতিবার সকালেই চার হাত এক হচ্ছে এই তারকা জুটির। বিশেষ এই দিনে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বার্তা দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজয়-রশ্মিকার এই ‘গ্র্যান্ড ওয়েডিং’-এর খাবারের মেনু নিয়ে এখন নেটপাড়ায় তুঙ্গে চর্চা। রশ্মিকা যেহেতু কর্ণাটকের মেয়ে এবং বিজয় হায়দরাবাদের, তাই মেনুতে দুই রাজ্যের জনপ্রিয় পদের এক মেলবন্ধন ঘটানো হয়েছে। অতিথিদের স্বাগত জানানো হচ্ছে ডাব দিয়ে। মূল ভোজে থাকছে হায়দরাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রের স্পেশাল মুরগির মাংসের পদ ‘নাটু কোডি পুলুস’ এবং মেডু বড়া। কর্ণাটকের ছোঁয়ায় থাকছে বিশেষ ডাল ‘পাপ্পু’ এবং কিমা সামোসা।

রশ্মিকার কুর্গি ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে মেনুতে রাখা হয়েছে বিখ্যাত ‘কদম্বুটু’ (রাইস বল) এবং ‘পান্ডি কারি’ (শূকরের মাংসের বিশেষ পদ)। মিষ্টির তালিকায় রয়েছে জিভে জল আনা ‘মাইশোর পাক’। খাবারের এই রাজকীয় আয়োজন পরিবেশন করা হচ্ছে সাবেকি কায়দায় কলাপাতায়। বিয়ের মূল অনুষ্ঠানের আগে প্রাক-বিবাহ পর্বে অতিথিদের জন্য জাপানি খাবারের ব্যবস্থাও ছিল। জানা গিয়েছে, রাজস্থানের অনুষ্ঠান সেরে আগামী ৪ মার্চ হায়দরাবাদে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন এই তারকা দম্পতি।