একতরফা প্রেমের ভয়ানক পরিণতি? বিয়ের মণ্ডপে ঢুকে কনের পেটে গুলি প্রতিবেশীর, ওলটপালট আনন্দ

বিহারের বক্সার জেলায় একটি বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হলো। মঙ্গলবার রাত ১১টা নাগাদ চৌসা নগর পঞ্চায়েত এলাকায় ‘জয়মালা’ অনুষ্ঠান চলাকালীন ১৮ বছর বয়সী কনেকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত দীনবন্ধু ওই তরুণীর প্রতিবেশী বলে জানা গেছে।
ঘটনার বিবরণ: উত্তরপ্রদেশের বালিয়া থেকে বরযাত্রী এসেছিল বক্সারের চৌসাতে। ধুমধাম করে অনুষ্ঠান চলাকালীন হঠাৎই মঞ্চে উঠে পড়ে অভিযুক্ত দীনবন্ধু। কেউ কিছু বুঝে ওঠার আগেই কনের পেটে গুলি চালিয়ে ভিড়ের সুযোগ নিয়ে সে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুলি লাগার কয়েক সেকেন্ড আগেও আত্মীয়দের সঙ্গে হাসিমুখে আচার পালন করছিলেন কনে। গুলির শব্দ বাজি ও মাইকের আওয়াজে চাপা পড়ে যাওয়ায় প্রথমটায় কেউ কিছু বুঝতে পারেননি, কিন্তু কনে মঞ্চে লুটিয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায়।
তদন্তে পুলিশ: বক্সারের পুলিশ সুপার শুভম আর্য জানিয়েছেন, অভিযুক্ত দীনবন্ধু গত দু’বছর ধরে ওই তরুণীকে উত্যক্ত করছিল। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতেই সে এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান। অভিযুক্তকে ধরার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।