শিলিগুড়িতে কি তবে গৌতম দেবই? প্রার্থী ঘোষণা হতেই নিজের ওয়ার্ডে দেওয়াল লিখন মেয়রের!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই উত্তরবঙ্গের অন্যতম হাই-ভোল্টেজ আসন শিলিগুড়ি বিধানসভা নিয়ে জল্পনা তুঙ্গে তুললেন বর্তমান মেয়র গৌতম দেব। বুধবার শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে নিজে হাতে দলীয় প্রতীকের দেওয়াল লিখন করে ভোটের প্রচার শুরু করে দিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দলের প্রার্থী তালিকা প্রকাশের আগেই গৌতম দেবের এই সক্রিয়তা বুঝিয়ে দিচ্ছে শিলিগুড়ি আসনে তিনিই ঘাসফুল শিবিরের প্রধান বাজি।

কেন শিলিগুড়ি আসনেই নজর মেয়রের? গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের কাছে ৩৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন গৌতম দেব। এরপর তাঁকে শিলিগুড়ি পুরনিগমের মেয়র হিসেবে দায়িত্ব দেয় তৃণমূল। সম্প্রতি ফুলবাড়ির একটি সরকারি অনুষ্ঠানে গৌতম দেব প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন, তিনি তাঁর ‘জন্মভূমি’ শিলিগুড়িতেই ফিরতে চান। এদিন দেওয়াল লিখনের মাধ্যমে সেই জল্পনায় সিলমোহর দিলেন তিনি।

গৌতম দেবের প্রতিক্রিয়া: এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, তিনি জীবনে ৯টি নির্বাচনে লড়াই করেছেন এবং জয়-পরাজয় নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, “শিলিগুড়ি পুরনিগমে আমরা যে কাজ করেছি তার প্রতিফলন মানুষ ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে দেখতে পাবেন। দল প্রার্থী করলে মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় যেতে চাই।” আপাতত মেয়রের এই ‘ঘর ওয়াপসি’ শিলিগুড়ির রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দেয়, সেটাই দেখার।