প্রতীক উর-কাণ্ডে বামেদের আক্রমণ কুণালের! আলিমুদ্দিনের ‘নীতিহীনতা’ নিয়ে বিস্ফোরক তৃণমূল মুখপাত্র

সিপিএম নেতা প্রতীক উর রহমানের তৃণমূলে যোগ দেওয়া ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। প্রতীককে নিয়ে বামপন্থীদের লাগাতার আক্রমণের পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় সিপিএম-কে আক্রমণ করে তিনি দাবি করেন, সিপিএম-এর একাংশ আসলে ‘ভোটবদলু’, যারা প্রকাশ্যে দল না বদলালেও গোপনে বিজেপিকে ভোট দেয়।
কুণালের বিস্ফোরক পোস্ট: কুণাল ঘোষ লেখেন, “সিপিএমের যারা এখন ‘দলে আছি, দলে থাকব’ বলে বেশি লাফাচ্ছে, এই প্যাথলজিকাল ফেরেব্বাজগুলোই বিজেপিকে ভোট দেয়। তাই সিপিএমের ভোট কমে, বিজেপির একটু বাড়ে।” তাঁর অভিযোগ, এই বাম কর্মীরা হাতে বিজেপির পতাকা নিয়ে দলবদল করে না, বরং ইভিএমের আঙুলের ছাপে ‘ভোটবদল’ করে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৫০-এর বেশি আসন পাবে বলেও আত্মবিশ্বাসের সুর শোনা যায় তাঁর গলায়।
প্রতীক উরের আক্রমণ: অন্যদিকে, ২১ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানও সরব হয়েছেন তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে। কংগ্রেসের সঙ্গে বামেদের জোটকে ‘নীতিহীন’ আখ্যা দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন যে, একসময় যে নেতাদের জন্য সিপিএম লড়াই করত, আজ তাঁদেরই পদলেহন করছে আলিমুদ্দিন। শঙ্কর ঘোষ থেকে বঙ্কিম ঘোষের বিজেপিতে যাওয়া এবং সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো প্রবাদপ্রতিম নেতাদের অপমানের প্রসঙ্গ তুলেও আক্রমণ শানান প্রতীক।