দেউলিয়া শিল্পপতির ১৭ তলা বাড়িতে তালা! ব্যাংক জালিয়াতি মামলায় এবার চূড়ান্ত বিপাকে অনিল আম্বানি

আর্থিক তছরুপ এবং ব্যাংক জালিয়াতি মামলায় বড়সড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল আম্বানি। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) মুম্বইয়ের পালি হিলে অবস্থিত তাঁর ১৭ তলা বিলাসবহুল আবাসন ‘Abode’ সাময়িকভাবে বাজেয়াপ্ত বা অ্যাটাচ করার নির্দেশ দিয়েছে। এই সম্পত্তির বাজারমূল্য প্রায় ৩৭১৬ কোটি টাকা। রিল্যায়েন্স কমিউনিকেশন্স (RCOM)-এর বিরুদ্ধে চলা ব্যাংক জালিয়াতি মামলার তদন্তেই এই কড়া পদক্ষেপ।
বিপাকে আম্বানি দম্পতি: সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল বর্তমানে ‘অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ’-এর বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়ায় রয়েছে। উল্লেখ্য, আরকম (RCOM)-এর বিরুদ্ধে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঋণখেলাপের অভিযোগ রয়েছে। গত সপ্তাহে অনিলের স্ত্রী টিনা আম্বানিকে ইডি তলব করলেও তিনি হাজিরা দেননি। নিউ ইয়র্কে বিলাসবহুল বাড়ি কেনা সংক্রান্ত বিষয়ে তাঁকে জেরা করতে চায় তদন্তকারীরা।
দেউলিয়া তকমা ও বর্তমান পরিস্থিতি: ২০২০ সালে ব্রিটিশ আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন অনিল। অথচ ২০২৫-এর মাঝামাঝি সময়ে তাঁর দুই ছেলের হাত ধরে ভুটানে সৌর প্রকল্প ও জার্মানির সংস্থার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর খবর সামনে আসে। বর্তমানে আরকম-এর প্রাক্তন এগজিকিউটিভ পুনীত গর্গ গ্রেফতার হওয়ার পর তদন্তের জাল আরও গুটিয়ে এনেছে ইডি। আগামীকাল, ২৬ ফেব্রুয়ারি অনিল আম্বানিকে ফের তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।