শিলিগুড়িতে পচা মাংস উদ্ধারের পর অ্যাকশন, পুলিশের ওপর মেজাজ হারিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক

শিলিগুড়ির রেস্তরাঁ ও হোটেলগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা মাংস উদ্ধারের ঘটনায় উত্তপ্ত উত্তরবঙ্গ। এই ইস্যুতে বুধবার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেজাজ হারিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিককে সরাসরি হুমকির সুরে তিনি বলেন, “আমি একদিন সরকার চালাব। আপনি নিজেকে কী মনে করেন!” বিধায়কের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বিতর্কের সূত্রপাত: সম্প্রতি শিলিগুড়ির দেশবন্ধুপাড়া-সহ একাধিক এলাকায় খাদ্য দফতরের অভিযানে ফ্রিজ থেকে পচা মাংস ও বাসি খাবার উদ্ধার হয়। অভিযোগ, প্রশাসনের নজরদারি শিথিল হওয়ার সুযোগে অসাধু ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানছেন না। এই বিষয়েই কড়া পদক্ষেপের দাবিতে বুধবার দফতরে যান শঙ্কর ঘোষ। সেখানে গেটে পুলিশি নিরাপত্তা দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তাঁর দাবি, যেখানে পুলিশের দরকার সেখানে তাঁদের পাওয়া যায় না, অথচ দফতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তৃণমূলের পাল্টা তোপ: বিজেপি বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “বিধায়ক অহংকারে এসব বলছেন। সংবাদ শিরোনামে থাকতেই তিনি এই ধরণের কুরুচিকর মন্তব্য করছেন। পুরনিগম নিয়ম মেনেই অভিযান চালাচ্ছে এবং চালাবে।”